আগৈলঝাড়ায় ইয়াবাসহ
ব্যবসায়ী গ্রেফতার
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় মঙ্গলবার বিকালে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামের আব্দুর রউফ সেরনিয়াবাতের ছেলে নূরুনবীকে মুড়িহার গ্রামের জাকির সরদারের বাগান থেকে মাদক কেনা-বেচার সময় এসআই দোলোয়ার হোসেন গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অপর একজন পালিয়ে গেছে। এ ঘটনায় এসআই দোলোয়ার হোসেন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা
চাঁদপুর প্রতিনিধি পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে বুধবার চাঁদপুরে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর রোটারি ভবনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। চাঁদপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন। বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করেন পরিবার পরিকল্পনা চাঁদপুরের সহকারী পরিচালক ডা. মো. ইলিয়াছ ও সহকারী পরিচালক সতী রাণী দে। প্রেসক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সুত্রধর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বেড়ায় বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ
বেড়া (পাবনা) সংবাদদাতা বেড়ায় ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির পরিবার বেড়া মডেল থানায় মামলা করেছে। অভিযোগ থেকে জানা যায়, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চর সাড়াশিয়া গ্রামের নয় বছরের শিশু মঙ্গলবার দুপুরে তার বান্ধবীর সঙ্গে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় পাশের বাড়ির আবুল হোসেন ফুঁসলিয়ে শিশুটিকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর বান্ধবীর খালা ঘটনাটি দেখে চিত্কার করলে আবুল হোসেন পালিয়ে যায়। বেড়া থানার (ওসি) শাহিদ মাহমুদ খাঁন বলেন, এ ঘটনায় শিশুর নানী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে বুধবার দুপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম, রাণীনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম (লিটন) প্রমুখ।
নাটিমা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরের নাটিমা ইউনিয়নের হলরুমে বুধবার সকালে ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটিমা কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী মেডিক্যাল কর্মকর্তা ডা. আব্দুল মজিদ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ইউপি সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
