মাগুরায় নতুন জাতের গমে ঘাটতি পূরণের সম্ভবনা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:৩৭
নতুন জাতের বারি-২৭ গম চাষের ফলে দেশের গমের ঘাটতি পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। পরীক্ষামূলকভাবে এ চাষে মাগুরার কৃষকরা সফলতা পেয়েছে। ভালো ফলাফল পেয়ে এ জাতের গম চাষের মাধ্যমে দেশের গমের ঘাটতি পূরণ করা সম্ভব বলে কৃষি বিশেষজ্ঞরা মনে করেন। এই গমের ফলন দেশি জাতের চাইতে একরে ১০ মণ বেশি হয়। বারি-২৭ গম চাষ করলে হেক্টরে ফলন হয় ৪ থেকে সাড়ে ৪ টন। এটি পাকতে সময় লাগে ১১০ দিন। পানি এবং ওষুধ কম লাগে। ফলে উত্পাদন ব্যয়ও হয় কম। চলতি বছরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় এই গমের চাষ শুরু হয়েছে। কৃষকরা চাষ করে আশানুরূপ ফলন পেয়েছে। সাধারণ জাতের গমের থেকে প্রতি বাইলে ৭ থেকে ৮টি দানা বেশি হয়। মাগুরা জেলার আবহাওয়া এই গম চাষের উপযোগী হওয়ায় কৃষি বিভাগের পক্ষ থেকে পরীক্ষামূলক ভাবে চাষ করার পর কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আগামীতে এই গমের চাষ সম্প্রসারণ করা গেলে দেশের গমের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।