ইত্তেফাক ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের
নড়াইলে শিশু নিহত
পারিবারিক কলহের জের ধরে নড়াইলের পল্লীতে আব্দুল্লাহ কাজী নামে দেড় বছরের এক শিশু পুত্রকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে পাষণ্ড মা। হূদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সদর উপজেলার পাইকমারী গ্রামে। শিশু পুত্রের হত্যাকারি মা রিক্তা বেগমকে (২২) পুলিশ আটক করেছে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের জসিম কাজীর ছেলে।
তারাকান্দায় কৃষক নিহত
ময়মনসিংহের তারাকান্দায় বোরো জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রোকন উদ্দিন নামে এক কৃষক নিহত ও একই পরিবারের স্বামী-স্ত্রী আহত হয়েছে। শুক্রবার তারাকান্দা নগুয়া গ্রামে বোরো জমিতে সেচ দেয়া নিয়ে নাজিম উদ্দিন ও প্রতিবেশি তাহেরের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে তাহেরের পরিবারের লোকজন নাজিম উদ্দিনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
গৌরনদীতে পরকীয়ার বলি
পরকীয়া প্রেমের তথ্য ফাঁস হওয়ায় প্রেমিকা গৃহবধূর নিকট আত্মীয়দের অমানসিক নির্যাতন ও সাদাস্টাম্পে স্বাক্ষর গ্রহণ করার অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছে দু’সন্তানের জনক আরজান হাওলাদার (৩৫)। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
বরগুনায় গৃহবধূর মৃত্যু
তুচ্ছ ঘটনায় পিটিয়ে আহত করার প্রায় ১ মাস পরে বুধবার রাতে বরগুনা সদর উপজেলার মানিকখালী গ্রামের নুরজাহান বেগম মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেন বাদি হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে নিহত এক
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে, জেলার নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে জসিম (৩০)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।
নিয়ামতপুরে যুবকের মৃত্যু
নওগাঁ মান্দায় এবার গ্রামবাসীর বেধড়ক মারপিটে নিয়ামতপুরের অজ্ঞাত যুবকের মৃত্যু ঘটেছে। উপজেলার কুশুম্বা ইউনিয়নের কির্ত্তলী গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটে।
মংলায় শিশুর মৃত্যু
দেয়াল চাপায় আরাফাত হোসেন (৪) নামে এক শিশু পুত্রের মৃত্যু হয়েছে। সে মংলার কেওড়াতলা এলাকার মাছ ব্যবসায়ী ফারুক হোসেনের পুত্র। বৃহস্পতিবার তাকে দাফন করা হয়েছে।
বাজিতপুরে ছুরিকাঘাতে যুবক খুন
বাজিতপুরের কৈলাগ ইউনিয়নের কৈলাগ গ্রামের দেওডাঙ্গার বিলের পশ্চিম পাড় থেকে বৃহস্পতিবার মনির মিয়া (২১) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
বগুড়ায় লাশ উদ্ধার
বগুড়া শাজাহানপুরে ওমরদীঘি এলাকায় অজ্ঞাত ব্যক্তির দুই পায়ের রগকাটা অবস্থায় গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বগুড়া-নাটোর মহাসড়কের পার্শ্বে ওমরদীঘি এলাকায় স্থানীয় লোকজন একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে শাজাহানপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
নান্দাইলে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।
দিনাজপুরে ১ ব্যক্তির আত্মহত্যা
বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের নবপাড়া গ্রামের জিতেন্দ্র (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কোতয়ালী পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করলে ময়না তদন্ত সম্পন্ন করে লাশ স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে।
