রাঙ্গুনিয়ায় চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:৩৯
২৩ মার্চের উপজেলা নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় কাটান। নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে নিরাপত্তার সব ব্যবস্থা ইতিমধ্যে নেয়া হয়েছে। পুলিশ ছাড়াও সেনা, বি জি বি এবং র্যাব মোতায়েন করা হয়েছে এলাকায়। বিদ্রোহীদের কারণে নিজেদের ঘর গোছাতে পারেনি আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপি একক প্রার্থী ঘোষণা দিলেও রয়েছে বিদ্রোহী প্রার্থী। তাছাড়া নেতৃবন্দের মধ্যেও রয়েছে একক ও বিদ্রোহ প্রার্থীর পক্ষ নিয়ে পরস্পর বিভক্তি। আওয়ামী লীগও পারেনি একক প্রার্থীর মনোনয়ন ঘোষণা দিতে এবং দলীয় নেতৃবৃন্দের মধ্যেও রয়েছে বিভক্তি। দুই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চর্তুমুখী প্রতিদ্বন্দ্বিতাই স্পষ্ট হয়ে উঠছে। চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত দু’জন এবং বিএনপি সমর্থিত ২ জন এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন, কাজী মোহাম্মদ জসীম (ঘোড়া) ও মোহাম্মদ আলী শাহ (দোয়াত-কলম) । বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে আছেন দলের একক মনোনীত আবু আহমদ হাসনাত (টেলিফোন প্রতীক) এবং বিদ্রোহী প্রার্থী কুতুবউদ্দিন বাহার ( কাপ- পিরিচ)। অপর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন শামীম আহমদ ( আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৮ জন। তারা হচ্ছেন, মোজাম্মেল হক (বাল্ব), শেখর বিশ্বাস (টিয়াপাখি), দিলীপ সাহা ( চশমা) , মজিবুর রহমান (উড়োজাহাজ),মোহাম্মদ আল হেলাল পুতুল সিকদার (টিউবওয়েল), মোহাম্মদ আকতার হোসেন (তালা), রাশেদুল ইসলাম তালুকদার (বই) ও আব্দুল্লাহ আল মামুন (মাইক) । মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রেহেনা আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।