নির্বাচনের টুকরো খবর

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:৪০
মদনে বিদ্রোহী থাকায় হতে পারে আওয়ামী লীগের জয় নেত্রকোনা প্রতিনিধি \ ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে এই প্রথমবারের মত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এই উপজেলার চেয়ারম্যান পদে বিএনপি’র তৃণমূলের প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপি সভাপতি এমএ হারেছ। কিন্তু একই দলের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। আর আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর রহমান বদি। একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ। গত ১৫ মার্চ বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও প্রতিপক্ষের পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে ফতেপুর গ্রামে সংঘর্ষের এক পর্যায়ে রফিকুল ইসলাম আকন্দ গ্রুপের গেনু মিয়া (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় ৬৫জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। এই মামলার পর হতেই বিএনপি’র উভয় গ্রুপের লোকজন গ্রেফতারের ভয়ে পলাতক রয়েছে। আর এ সুযোগে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা অনেকটা আরামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। স্থানীয় ভোটারদের অভিমত, বিএনপি’র বিবদমান দুই গ্রুপের হানাহানিতে চেয়ারম্যান পদটি এবার তাদের হাতছাড়া হবে। হিজলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত-৩ বরিশাল অফিস \ হিজলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল গফফার তালুকদারসহ তিনজন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলা সদরের দুর্গাপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি লোকমান হোসেনের নেতৃত্বে ২০/২৫ জন নির্বাচনী অফিসে ঢুকে গফফার তালুকদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় গাফফারের ছেলে তানভীর তালুকদার ও উপজেলার গৌরবদী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আলম শরীফকে কুপিয়ে জখম করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেলদুয়ারে জামানত হারালেন চেয়ারম্যানসহ ৯ জন প্রার্থী দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ১৬ জন প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৯ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান মিয়া, চেয়ারম্যান প্রার্থী হামিম কায়েস বিপ্লব, আব্দুর রাজ্জাক, বর্তমান ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির আব্দুস সালাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী আতোয়ার রহমান, তোফায়েল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা বেগম, মিনতী আচার্য ও রুবি আক্তার। রায়পুরে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুল আলম জিন্নাহকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রার্থী বদরুল আলম জিন্নাহ বৃহস্পতিবার নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান- বহিষ্কারের কোন চিঠি তিনি পাননি। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোন অভিযোগ থাকতে পারে না। পাকুন্দিয়ায় সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ আসন্ন ৩১ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনার (তালা প্রতীক) নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। শুক্রবার পাকুন্দিয়া ডাকবাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি কিশোরগঞ্জ-২ আসনের (পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদ সদস্য অ্যাড. মো. সোহরাবউদ্দিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চুর নির্বাচন করার ঘোষণা দেন। রামুতে নির্বাচন কমিশনারের মতবিনিময় রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দায়িত্বরত সরকারি, বেসরকারি অফিসার, জনপ্রতিনিধি ও সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী বলেন, নির্বাচন অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন সবকিছু করা হবে। এজন্য আচরণবিধি মেনে চলে প্রশাসনকে সহায়তা করতে হবে। এসময় বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা আব্দুল বাতেন, কক্সবাজার জেলা প্রশাসক (অতিরিক্ত) মো. আবুল হোসেন, জেলা অফিসার, রামু নির্বাহী অফিসার মো, মাসুদ, জেলা নির্বাচন অফিসার মো. নুরুল হাশেম ভূঁইয়া ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। আত্রাইয়ে ভোট পুনঃগণনার দাবিতে মামলা আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে এমটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল ও জেলা যুগ্ম জজ ১ম আদালতে এ মামলাটি দায়ের করেন এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি মামলার আর্জিতে উল্লেখ করেন- গত ২৭ ফেব্রুয়ারি আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা ও বাতিল ভোটের মাঝে কারচুপির আশ্রয় নিয়ে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। ১২টি কেন্দ্রে ভোট গণনায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। তাই অর্জিত ভোট ও বাতিল ভোট পুনঃগণনার দাবি জানিয়ে তিনি এ মামলা দায়ের করেন। মুক্তাগাছায় স্থগিত তিন কেন্দ্রের ভোট ২৭ মার্চ মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ৩ কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ আগামী ২৭মার্চ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে গত ১৫মার্চ মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১শ’টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হলেও গোলযোগের কারণে ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। প্রার্থীদের প্রাপ্ত ভোট ও স্থগিত তিন কেন্দ্রের ভোটের সংখ্যা বিবেচনায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়। আগামী ২৭মার্চ স্থগিত ৩টি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। ঘোষিত ৯৭কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন আনারস প্রতীক নিয়ে ৭৭ হাজার ২৮৮ ভোট আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিল্লাল হোসেন সরকার ৭৩ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বাকি তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ৮ হাজার ৯১৬। সুন্দরগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ আগামী ৩১ মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম (তালা) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে গত বুধবার সন্ধ্যায় ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ। জানা গেছে, শফিউল আলম মোটর সাইকেলের বহর নিয়ে দুপুরে বেলকা-সুন্দরগঞ্জ সড়কে শোডাউন দেয়ার সময় সরদারের বাজার নামক স্থানে নির্বাহী অফিসারের নজরে পড়েন। এই অপরাধে নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁর ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেগমগঞ্জে অর্ধশত ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ ২৩শে মার্চ রবিবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগমগঞ্জে তিন লক্ষ ২৯ হাজার ছয়শ’ জন ভোটার। তন্মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ৬৩ হাজার ৬২৫, মহিলা ভোটার এক লক্ষ ৬৫ হাজার ৮৭৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৩। তন্মধ্যে অর্ধশতাধিক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চল সন্ত্রাস কবলিত এলাকা। উপজেলার আমানউল্লাপুর, গোপালপুর, জিরতলী, আলাইয়ারপুর, ছয়ানী ও রাজগঞ্জ ইউনিয়ন সন্ত্রাস কবলিত এলাকা। বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। শেরপুরে জামানত হারালেন কোটিপতি শেরপুর প্রতিনিধি \ শ্রীবরদী উপজেলা নির্বাচনে চিংড়ি মাছ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সফিকুল ইসলাম হলফনামায় সবচেয়ে বেশি সম্পদের মালিক হলেও ভোট পেয়েছেন কম। তিনি পেয়েছেন মাত্র ৪২৪ ভোট। কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯ প্রার্থীর মধ্যে তার সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি। নির্বাচনে ব্যয়ও ধরা হয়েছিল অন্যান্যের তুলনায় সর্বোচ্চ। নির্বাচন কমিশনে দাখিলকৃত সাইফুল ইসলাম লিটনের সম্পদের পরিমাণ ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা। সম্ভাব্য ব্যয় নিজ আয় থেকে ৩ লক্ষ ৫০ হাজার, আত্মীয় থেকে ধার ২ লক্ষ, স্বেচ্ছায় দান ৫০ হাজার ও অনাত্মীয়ের কাছ থেকে ধার ২ লক্ষ ৫০ হাজার, মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা। যা অন্যান্য প্রার্থীর তুলনায় সর্বোচ্চ ব্যয়। চিতলমারীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগ দলীয় দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়বাড়িয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান পান্না জানান, নির্বাচনী আচরণ লঙ্ঘন করে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোল্লা মজিবুর রহমান শামীম বৃহস্পতিবার সকাল থেকে ২ শতাধিক মোটর সাইকেল, শতাধিক নছিমন, ইজিবাইক ও মাইক্রো নিয়ে বিভিন্ন এলাকায় শোডাউন করে। এতে সাধারণ উপজেলাবাসী আতংকিত হয়ে পড়েন। এ সময় মজিবুর রহমান শামীম-এর সমর্থকেরা বড়বাড়িয়া এলাকায় বিশাল বহর নিয়ে গেলে তার সমর্থক খসরুর নেতৃত্বে পান্নার সমর্থকদের ধাওয়া দেয়। পরে ওয়াহিদুজ্জামান পান্নার সমর্থকরা একত্রিত হয়ে পাল্টা ধাওয়া দিলে দুইপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে দৈনিক সমকালের চিতলমারী সংবাদদাতা পংকজ মণ্ডল, দৈনিক খবর পত্রের একরামুল হক মুন্সি, মো ঃ তালেব ও মহি খাঁর স্ত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বেতাগীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বেতাগী উপজেলা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য ৬-দফা দাবিতে বেতাগী উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবীর হিরু, নাগরিক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লাভলু। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। বরিশালে বিএনপির সংবাদ সম্মেলন বরিশাল অফিস \ নেতা-কর্মী ও সমর্থকদের অযথা হয়রানি আর হামলা-মামলা বন্ধ, পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের অপসারণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেনা মোতায়েনের দাবিতে সংবাদ সম্মেলন করছেন বিএনপি সমর্থিত বানারীপাড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো.শাহ্ আলম মিয়া। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাহ আলম মিয়ার পক্ষে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন অভিযোগ করেন- উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতারা প্রশাসনের মাধ্যমে সমর্থকদের হয়রানি করে চলছে। নির্বাচনী মনিটরিং প্রধান গোলাম মাহমুদসহ ৪৫ জন নেতাকর্মীর নামে বানারীপাড়া থানায় ১৮ মার্চ মামলা করেছে। এরমধ্যে ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে যাতে করে ২৩ মার্চ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে তারা না যান। এতে করে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এনিয়ে সংশয় প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে। দুমকির সকল কেন্দ্রই ঝুঁকিপূর্ণ দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে ২১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সকল কেন্দ্রগুলোতে নির্বাচন শতভাগ সুষ্ঠু করার লক্ষ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ জানান- বিধি মোতাবেক বিজেবি আর্মি পুলিশ ম্যাজিস্ট্রেটসহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে । বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারুল নাহার বেগমকে গত বুধবার দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচনে গত ৮ মার্চ অনুষ্ঠিত দলীয় নির্বাচনে বিএনপি উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক আকরাম হোসেন মন্ডলকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে ফেল করেও ভোটারদের দ্বারে দ্বারে হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আক্তার গত ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শেফালী বেগমের নিকট পরাজিত হয়েও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। গত ১৬ মার্চ থেকে তিনি প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। তাদের খোঁজখবর নিচ্ছেন। শাহিনুর আক্তার জানান, নির্বাচনে পরাজিত হলেও নতুন মুখ হিসেবে উপজেলাবাসী আমাকে যে সম্মানজনক ভোট দিয়েছেন তাতে আমি তাদের নিকট কৃতজ্ঞ। মদনে ২৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ ২৩ মার্চ নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম জানান, প্রার্থীর বাড়ির পার্শ্বে ও দুর্গত এলাকা হিসাবে পৌরসভাসহ উপজেলার ৪৫টি কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো- কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাগমারায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়ি বহরে হামলা বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত বুধবার রাত আটটার দিকে বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নে ১৯ দলীয় জোটের প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিদ্রোহী প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষ থেকে অধ্যাপক মকলেছুর রহমান মন্ডলসহ ২০ জনের নামে বাগমারা থানায় একটি মামলা দায়ের হয়েছে।