দুই দিনের সফরে গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। তাকে বহনকারী বিমানটি রাত আটটার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে জাপানি মন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্রমন্ত্রী কিশিদা ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
আজ শনিবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ফুমিও কিশিদা। বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন জাপানি মন্ত্রী। এছাড়া ঢাকায় অবস্থানকালে ফুমিও কিশিদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পারেন।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই কোনো দেশ থেকে বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এছাড়া ২০০৬ সালের পর ফুমিও কিশিদাই প্রথম জাপানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করছেন। ২০০৬ সালের জুলাইতে জাপানের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ঢাকায় এসেছিলেন।
