ব্রেইন ক্যান্সারের চিকিত্সায় কাজ করবে ওয়াটসন

আপডেট : ২২ মার্চ ২০১৪, ১৯:৪৫
আইবিএম’র সুপারকম্পিউটার ওয়াটসন এরই মধ্যে বিশ্বব্যাপী নিজের কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে বৈচিত্র্যময় সব ক্ষেত্রে। এবারে ক্যান্সার চিকিত্সাতেও নিজেকে নিয়োজিত করতে যাচ্ছে এই সুপারকম্পিউটার। ব্রেইন ক্যান্সারের খুব সাধারণ একটি রূপ হলো গ্লিওব্লাস্টোমা। এই রোগে আক্রান্ত রোগীদের ডিএনএ বিশ্লেষণ করবে ওয়াটসন এবং সেই ফলাফলকে এখন পর্যন্ত সংগৃহীত সব মেডিকেল ডাটার সাথে তুলনা করবে। এর ফলে ওই সুনির্দিষ্ট রোগীর জন্য চিকিত্সার পদ্ধতি নির্ধারণ করা সহজ হয়ে উঠবে। বিপুল পরিমাণ তথ্য থেকে সুনির্দিষ্ট কোনো রোগীর জন্য তথ্যটি বাছাই করতে যেখানে সাধারণ মানুষের সময় লেগে যায় বছরের পর বছর, সেই কাজটি মুহূর্তেই করে ফেলতে পারবে ওয়াটসন। এ প্রসঙ্গে আইবিএম রিসার্চের পরিচালক জন ই কেলি বলেন, ‘এই প্রকল্পে ওয়াটসন যে কাজটি করবে, সেটি অনেকটা খড়ের গাদায় সুঁচ খুঁজে বের করার মতোই একটি কাজ। আর এখানে খড়ের গাদার আকারটাও অনেক বড়। ফলে বৈপ্লবিক এক ধরনের কাজই করতে হবে ওয়াটসনকে। ওয়াটসনের আরও একটি সুবিধার দিক তিনি উল্লেখ করেন। আর সেটি হলো, ওয়াটসন শুধু কম্পিউটার নয়, সরাসরি মানুষের ভাষাই বুঝতে সক্ষম। এটি যেসব তথ্য নিয়ে কাজ করে, সেগুলো থেকে শিখতেও পারে। ফলে ক্যান্সারের গবেষণায় ওয়াটসন নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশাবাদী আইবিএম গবেষকরা। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-ক্যাটেরিং ক্যান্সার হাসপাতালে ফুসফুসের ক্যান্সার নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে ওয়াটসন। ব্রেইন ক্যান্সারের গবেষণাতেও এটি সফল হবে বলেই আশাবাদ গবেষকদের।