বিশ্বকাপে ভালো শুরুর আশা মাশরাফির

আপডেট : ২২ মে ২০১৯, ২২:০১

গত ১ মে প্রায় আড়াই মাসের সফরে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। সফরের প্রথমভাগে ছিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। যেখানে অভূতপূর্ব সাফল্য এসেছে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে চারদিনের ব্যক্তিগত ছুটিতে দেশে ফিরেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সংক্ষিপ্ত সফর শেষে গতকাল সকালে আবার ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপেছেন বাংলাদেশের অধিনায়ক। সকাল সাড়ে ১০টার ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

বিশ্বকাপ মিশনে দেশত্যাগের আগে গতকাল বিমানবন্দরে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফি। বিশ্বকাপে দলের প্রতি সবার সমর্থন আশা করছেন তিনি। নড়াইল এক্সপ্রেসের বিশ্বাস, ভালো শুরু পেলে বিশ্বকাপটাও খারাপ হবে না বাংলাদেশের।

গতকাল বিমানবন্দরে সবার কাছে দোয়া চেয়ে মাশরাফি বলেছেন, ‘সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করার। দোয়া করবেন আমাদের দল যেন ভালো করতে পারে।’

ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে টাইগারদের। তারপরও মূল মঞ্চে ভালো শুরুটা প্রয়োজন বলে মনে করেন মাশরাফি। গতকাল তিনি বলেছেন, ‘দুইটা আলাদা টুর্নামেন্ট। আশাকরি, সবার আত্মবিশ্বাস ভালো আছে। টুর্নামেন্ট যেহেতু আলাদা তাই ওখানেও শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে, আশাকরি ভালো কিছু হবে ইনশাল্লাহ।’ এবার বিশ্বকাপের ফরম্যাট নিকট অতীতের তুলনায় ভিন্ন। প্রথম পর্বেই এবার প্রতিটি দল নয়টি করে ম্যাচ খেলবে। ১০টি দল পরস্পরের বিরুদ্ধে খেলবে। লম্বা টুর্নামেন্ট শেষে সেরা চার দল উন্নীত হবে সেমিফাইনালে। আর সেমিতে খেলার প্রাথমিক টার্গেট নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের কন্ডিশনে রান প্রসবা উইকেটে কাজটা কঠিন হলেও টাইগাররা আত্মবিশ্বাসী লক্ষ্য পূরণে। মাশরাফির শেষ বিশ্বকাপে নিজেদের অতীত রেকর্ডকে ছাড়িয়ে যেতে চান মুশফিক-মাহমুদউল্লাহরা।

আজই দলের সঙ্গে যোগ দিবেন মাশরাফি। লন্ডনে আজ আইসিসি আয়োজিত বিশ্বকাপের দলগুলোর অধিনায়কদের অফিসিয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। পরে গোটা দলের সঙ্গে কার্ডিফে চলে যাবেন। শেষ তিন দিন লন্ডনের লেস্টার সিটির গ্রেস রোডে অনুশীলন করেছে বাংলাদেশ দল। গতকালই ছিল লেস্টার শেষ অনুশীলন। কার্ডিফে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২৯ মে আবার লন্ডনে ফিরবে বাংলাদেশ। আগামী ২ জুন ওভালে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

এদিকে ত্রিদেশীয় সিরিজের পর ছুটি নিয়ে দুবাইয়ে থাকা তামিম ইকবালও কার্ডিফেই দলের সঙ্গে যুক্ত হবেন। ডাবলিন থেকে জ্যামাইকা চলে যাওয়া বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে পাওয়া যাবে কার্ডিফে দলের অনুশীলনে।