স্পোর্টস ডেস্ক
এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট হল স্বাগতিক দল ইংল্যান্ড। আর সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, এই দলটির তুরুপের তাস হল জশ বাটলার।
পন্টিং মনে করেন, ইংলিশদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলেন জশ বাটলার। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হলেন বাটলার। কত কয়েকটা বছরে ও কীভাবে নিজেকে গড়ে তুলেছে সেটা আমি দেখেছি। মুম্বাই ইন্ডিয়ান্সে আমি ওকে কোচ হিসেবে খুবই কাছ থেকে দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে ও বড় একটা সম্পদ।’
শুধু ওয়ানডে নয়, যেকোনো ফরম্যাটেই ইংল্যান্ড দলে বাটলারের বিকল্প দেখেন না পন্টিং। বললেন, ‘টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট - যে কোনো ফরম্যাটেই তিনি ইংল্যান্ড দলের জন্য যা করেছেন সেটা অসাধারণ। ওর কোনো বিকল্প নেই। মিডল অর্ডারে তার ব্যাটিং বিশ্বসেরা। ও মাঠের সব দিকে শট খেলতে পারে। গায়ের জোর যেমন আছে, টাইমিংও মারাত্মক।’
বাটলার বাদেও ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপটা বেশ শক্তিশালী। দলে অধিনায়ক ইয়ন মরগ্যান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকসরা আছেন। পন্টিং তাই মনে করছেন, এবারের ইংলিশ দলের ‘এক্স ফ্যাক্টর’ হল এই ব্যাটিং লাইন আপ। তিনি বলেন, ‘ইংল্যান্ডকে এগিয়ে রাখবে ওদের ব্যাটিং। এটাই তাদের এক্স ফ্যাক্টর। বাকি যে কোনো দলের চেয়ে ইংলিশদের টপ অর্ডার অনেক বেশি স্বাধীনভাবে ব্যাটিং করতে পারে। ওদের টপ অর্ডার এতটাই ভালো যে বাটলার, স্টোকস কিংবা মঈন আলীর মত ব্যাটসম্যানদের ৬, ৭ কিংবা ৮-এ ব্যাট করতে নামতে হয়। এটা ওদের জন্য এক মধুর সমস্যা।’
জানিয়ে রাখা ভালো, বিশ্বকাপের প্রথম দিন মানে আগামী ৩০ মে লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইয়ন মরগ্যানের দল। এই টুর্নামেন্টে নিয়ে নিজেদের বিশ্বকাপের ট্রফি জিততে না পারার আক্ষেপ মুছে ফেলতে চায় ইয়ন মরগ্যানের দল।
