ওয়াসিম জাফর আসবেন ২৭ জুন

আপডেট : ২২ মে ২০১৯, ২২:০৩

বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন ওয়াসিম জাফর। গতকাল বিসিবি থেকে জানা গেছে, আগামী ২৭ জুন ঢাকায় আসছেন তিনি। মূলত বয়সভিত্তিক পর্যায়ের দলগুলোতেই কাজ করবেন তিনি। অনূর্ধ্ব-১৯ দল, অনূর্ধ্ব-১৬, ১৮ দলের ব্যাটসম্যানরাও পাশে পাবেন ভারতের ঘরোয়া ক্রিকেটে রান মেশিন হিসেবে পরিচিত ওয়াসিম জাফরকে। এছাড়া প্রয়োজনে এইচপি ক্যাম্পে, জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যানদের সঙ্গেও কাজ করবেন তিনি।

ভারতীয় এই সাবেক ওপেনারের সঙ্গে এক বছরের (২০১৯ জুন থেকে ২০২০ জুন পর্যন্ত) জন্য চুক্তি করেছে বিসিবি। গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে নিয়োগ পাচ্ছেন তিনি। চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন ওয়াসিম জাফর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ সেঞ্চুরির মালিক এই ভারতীয় ব্যাটসম্যানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি।