স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা তারকা লিওনেল মেসি কোপা আমেরিকা আর্জেন্টিনা দলের নেতৃত্ব দিবেন। ১৪ জুন ব্রাজিলে শুরু হবে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সর্বোচ্চ এই ফুটবল আসর।
ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো ২০১৮ সালের বিশ্বকাপের পর আবার দলে ফিরেছেন। কোপা আমেরিকার জন্য গত মঙ্গলবার ২৩ সদস্যের ঘোষিত দলে আরো আছেন জুভেন্তাস ফরোয়ার্ড পাওলো দিবালা। যদিও ৩০টি লিগ ম্যাচে তিনি গোল করেছেন মাত্র পাঁচটি।
আর্জেন্টিনার এ দলে জায়গা হয়নি ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্ডির। যদিও নিজ ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়ে ইকার্ডি এ মৌসুমে ১১ গোল করেছেন। লিওনেল মেসি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে নয় মাসের নির্বাসন নিয়েছিলেন। পরে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে জাতীয় দলে ফিরেন তিনি। এবার তার ক্লাব মৌসুম খুব ভালো গেছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫০ গোল করেছেন। আগামী শনিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলবেন কোপা ডেল রে’র ফাইনালে।
লা লিগায় এবার মেসিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ৩৪ খেলায় তার গোল হলো ৩৬টি। তার এ নৈপুণ্যে বার্সেলোনা লিগ শিরোপা ধরে রাখে।
কোচ স্কোলোনি আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলেন এমন সাত ফুটবলারকে দলে নিয়েছেন। এদের মধ্যে আছেন রিভার প্লেটের অভিজ্ঞ গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। দল নির্বাচন প্রসঙ্গে কোচ স্কোলোনি বলেন, ‘আমাদের বিশ্বাস আমরা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এ মুহূর্তের সেরা খেলোয়াড়দের দলে নিয়েছি। যারা ঠাঁই পায়নি তাদের জন্য আমরা বেদনা বোধ করছি। কিন্তু আমি তো কেবল ২৩ জনকেই নিতে পারতাম।’
কোচ এও জানান যে, তিনি মেসির সাথে অনুশীলন কী রকম হবে, সে ব্যাপারে কথা বলেছেন। আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। সেটাই ছিল দেশটির মূল জাতীয় দলের বড় কোনো শিরোপা জয়। এবারের আসরে তাদের প্রথম খেলা ১৫ জুন কলম্বিয়ার সাথে। এছাড়াও ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।
মেসিদের অনুশীলন শুরু হবে ২৭ মে।
আর্জেন্টিনা দল
n গোলরক্ষক
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), অগাস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)।
n ডিফেন্ডার
হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজেল্লা (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রামিরেস ফুনেস মোরি (ভিয়ারিয়াল), রেনজো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), মিল্টন কাসকো (রিভার প্লেট)
n মিডফিল্ডার
লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গুইদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এক্সেকুয়েল পালাসিওস (রিভার প্লেট), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো দে পল (উদিনেজে), দি মারিয়া (পিএসজি)
n ফরোয়ার্ড
লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্তাস), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট)।
