উদ্দীপকে উল্লিখিত বিষয়কে বুঝতে হবে

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:১২
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। জীববিজ্ঞান প্রথম পত্রে ১০০ নম্বরের মধ্যে সৃজনশীল অংশে ৪০, বহুনির্বাচনী অংশে ৩৫ এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকে। বহুনির্বাচনী অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। সুতরাং বহুনির্বাচনী অংশে ভালো নম্বরের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্রের বিভিন্ন অংশ, উদাহরণ আন্ডারলাইন করে ভালোভাবে আত্মস্থ করতে হবে। সৃজনশীল অংশে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর করতে হয়। সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সুচারুরূপে অনুশীলন করতে হবে। বিশেষ করে উদ্ভিদের বিভিন্নতা, কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, টিস্যু, টিস্যুতন্ত্র ও সেকেন্ডারি বৃদ্ধি, উদ্ভিদের প্রজনন, উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, ইকোলজি, বংশগতি, জৈব প্রযুক্তি অধ্যায়গুলো যত্নসহকারে পড়তে হবে। জীববিজ্ঞানে উত্তর দেয়ার সময় চিত্র আঁকার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই চিত্র ছাড়াই না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। চিত্রের সঙ্গে মিলিয়ে পুরো বিষয়টি বুঝে পড়লে তা সহজেই হূদয়ঙ্গম হয়। কাজেই তোমাদের এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে বুঝে পড়ার বিকল্প নেই। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমে উদ্দীপকগুলো ভালোভাবে পড়তে হবে এবং প্রশ্নগুলো বুঝার চেষ্টা করতে হবে। যে উদ্দীপকটির সব প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে সেটি আগে উত্তর করবে। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে ক.খ. গ. ঘ-এর সিরিয়াল বজায় রেখে উত্তর লেখা উত্তম। উদ্দীপকে উল্লিখিত বিষয়কে বুঝতে হবে এবং পাঠ্যবইয়ের সুনির্দিষ্ট কোন ধারণা বা তথ্যের আলোকে তা ব্যাখ্যা করতে হবে। জীববিজ্ঞান প্রথমপত্র ১৭-৪-২০১৪ বৃহস্পতিবার