পার্থক্য ছক আকারে দেয়ার চেষ্টা করবে

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:১২
অর্থনীতি বিষয়টা যদিও একটু কঠিন, তবে এ বিষয়ে ভালো নম্বর পাওয়া তেমন কঠিন কিছু নয়। একটু মনোযোগ ও যত্নসহকারে পড়াশোনা করলেই তা সম্ভব। এ বিষয়টি নিয়ে পাঠ্যবইয়ের বিকল্প হিসেবে গাইড বই নির্বাচন করা ঠিক হবে না। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে অবশ্যই মূল বই অনুসরণ করবে। পাঠ্যবইকে অনুসরণ করে যদি প্রতিটি প্রশ্নের নিজের করা নোটগুলো থেকে উত্তর কর, তাহলে অবশ্যই ভালো নম্বর আসবে। পরীক্ষার সময় যে প্রশ্নের উত্তরটা ভালো পার সেটা দিয়ে শুরু করবে। অর্থনীতি পরীক্ষায় পাঁচটা রচনামূলক প্রশ্নের জন্য মোট দুই ঘণ্টা সময় পাবে। খেয়াল রাখবে যাতে নির্দিষ্ট এই সময়ের ভেতরে সব প্রশ্নের উত্তর দিতে পার। ছোট প্রশ্নের ক্ষেত্রেও আটটা প্রশ্নের জন্য তুমি মোট এক ঘণ্টা সময় পাচ্ছ। তোমাকে চিত্রযুক্ত প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর করার বেলায় চিত্রের ব্যাখ্যাসহ সুন্দরভাবে উত্তরটি উপস্থাপন করবে। আর হাতের লেখা স্পষ্ট করে লিখতে হবে। প্রশ্নে যা চাওয়া হয় তার উত্তর করতে হবে। অযথা বেশি কথা লেখার কোনো দরকার নেই। পাঠ্যবই অনুসরণ করার চেষ্টা করবে। তত্ত্বের যেসব প্রশ্ন আছে সেগুলোতে সমালোচনা না চাইলেও দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে ধাপগুলোর ছোট ছোট করে ব্যাখ্যা দেবে। পার্থক্য দিতে চাইলে সেগুলোতে যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবে আর ছক আকারে দেয়ার চেষ্টা করবে। অর্থনীতি দ্বিতীয় পত্রে ব্যাখ্যামূলক প্রশ্নই বেশি, তাই যে কটা চিত্রযুক্ত প্রশ্ন আছে তার থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন এলে অবশ্যই তার উত্তর দেবে।