এইচএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য শুভ কামনা। ২০১৪ সালেই প্রথম পদার্থবিজ্ঞানের প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে করা হবে। এতে দুঃশ্চিন্তা বা ভয়ের কিছু নেই। প্রথম পত্রের ১০টি অধ্যায় (১-১০) বলবিদ্যার অংশ থেকে দুটি প্রশ্ন থাকতে পারে। ৬টি অধ্যায় (১১-১৬) তাপ অংশ থেকে দুটি এবং তিনটি অধ্যায় (১৭-১৯) শব্দের অংশ থেকে আরো দুটি মোট ছয়টি প্রশ্নের মধ্যে তোমাকে চারটির উত্তর করতে হবে।
পরীক্ষার পূর্বে করণীয় : প্রতিটি অধ্যায়ের টপিকগুলো ভালো করে বুঝতে হবে। সংজ্ঞাগুলো বুঝতে হবে এবং মনে রাখতে হবে। এতে জ্ঞানমূলক (ক) প্রশ্নের উত্তর করা যাবে। সংজ্ঞাগুলো বুঝতে পারলে অনুধাবনমূলক (খ) প্রশ্নের উত্তর করা যাবে। প্রয়োগমূলক প্রশ্ন (গ), এটি হবে গাণিতিক সমস্যা। এর উত্তর করার জন্য কী কী তথ্য দেয়া আছে এবং কী নির্ণয় করতে হবে, সেটি বুঝতে হবে। এরপর চিন্তা করতে হবে কোন সূত্র ব্যবহার করে সেটি করা সম্ভব। এর জন্য সূত্র এবং সমীকরণগুলো ভালো করে বুঝে মুখস্থ করতে হবে। (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অধ্যায়ের প্রতিটি টপিক আত্মস্থ করতে হবে এবং লিখে লিখে অভ্যাস করতে হবে। শুধু লিখলেই চলবে না। লিখার পর নোট বা বইয়ের সাথে মিলিয়ে দেখতে হবে। নইলে এতে ভুল থেকে যাবে। ভেক্টর এর প্রশ্নের উত্তরে তীর চিহ্ন দিতে হবে। যে প্রশ্নের উত্তরে চিত্র দিতে হবে, তার চিত্র আগে এঁকে ফেলো, পরে উত্তর লিখো।
পদার্থ প্রথমপত্র ২৩-৪-২০১৪ বুধবার
