নাসিরনগরে বিপাকে বিএনপি আশাবাদী আওয়ামী লীগ

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:২৯
নির্বাচনকে ঘিরে উপজেলার মানুষের মধ্যে বিরাজ করছে উত্সবের আমেজ। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে মুখ খুলছেন না ভোটাররা। বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে বিগত নির্বাচনে জোট থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। মাঠ পর্যায়ে অভিযোগ উঠেছে, বিএনপির একটি গ্রুপ নিরবে বর্তমান চেয়ারম্যানের পক্ষে কাজ করছেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি জোটের শরিক দল বিজেপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ৪ দলীয় জোট থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আহসানুল হক মাস্টার (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন। এদিকে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার (আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নাকে (প্রজাপতি), চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কন ইউপি চেয়ারম্যান এম এ হান্নান (মোটরসাইকেল),ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাতলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুত্ফুর নাহার পাপড়ি (কলস) প্রতীক নিয়ে লড়ছেন। এদিকে দলীয় ঘোষণাকে উপেক্ষা করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছোয়াব খানও (উড়োজাহাজ) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এবারের নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াতের কোন প্রার্থী নেই।