পৃথক ঘটনায় ছয় জন খুন

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩০
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মেলান্দহে ইজিবাইক চালক হত্যা জামালপুরের মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় গত শুক্রবার সকালে মনোয়ার হোসেন মনু (৩০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, গত বৃহস্পতিবার রাতে মনোয়ারকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইকটি নিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। নিহতের স্ত্রী চাঁদনী ও মা মমেনা জানান, ২/৩ মাস আগে কতিপয় দুর্বৃত্ত রাতে মনুকে বেধড়ক প্রহার করে। গোবিন্দগঞ্জের বালুয়াহাটে স্বর্ণ ব্যবসায়ী খুন অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ হারাল গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুয়াহাটের আনন্দ মোহন্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ী। গত শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। সে উপজেলার নাকাইহাট ইউনিয়নের মথুরা গ্রামের বাবলু মোহন্তের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়িক কাজে আনন্দ বগুড়ায় যায়। বাড়ি ফেরার পথে হকারের কাছ থেকে শশা খেয়ে অসুস্থ হয়ে পড়লে সংঘবদ্ধ চক্র তার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। শুক্রবার সকালে আনন্দ পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বোদায় যুবককে কুপিয়ে হত্যা জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে গত শুক্রবার সকালে রিপন (২২) নামে এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। রিপন বোদা উপজেলার শিকারপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র। এ ঘটনায় পুলিশ জাহিরুল ও আলামিন নামে দুই যুবককে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রিপন, জাহিরুল, আলামিনসহ আরও কয়েকজন বন্ধু মিলে পিকনিক করে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখে আলামিন গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিপনকে বাসায় ডাকতে যায়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সে জানালা দিয়ে রিপনের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায়। এসময় আলামিন এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী পরে বোদা থানায় খবর দিলে বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান ঘটনাস্থলে গিয়ে রিপনের লাশ উদ্ধার করে। বোদা থানার ওসি জানান, রিপনের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়া শহরের আদালতপাড়ায় গতকাল শনিবার রাতে মঙ্গল মিয়া নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। কাহালুতে একজন খুন বগুড়ার কাহালু উপজেলার পাইকড় খাজুর তলা মোড় এলাকায় গত শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি দুষ্কৃতকারীর হাতে খুন হয়েছেন। জানা গেছে, নিহত ব্যক্তি মোটর সাইকেলযোগে যাওয়ার পথে দুষ্কৃতকারীরা তার মাথায় আঘাত করে হত্যা করে। তার গায়ের রং ফর্সা, গায়ে চেক শার্ট, সাদা স্যান্ড্রো গেঞ্জি এবং পড়নে ছাই রংঙের ফুল প্যান্ট ছিল। এছাড়াও তার একটি হাত ঘড়ি পাওয়া গেছে। এ ব্যাপারে কাহালু থানায় একটি মামলা হয়েছে। লামায় কৃষক খুন বান্দরবান জেলার লামা উপজেলার সাঙ্গু মৌজার বাচিং কারবারী পাড়ায় গত শুক্রবার সন্ধ্যায় ম্রো দুর্বৃত্তরা গুলি করে চাহ্লাথোয়াই মার্মা (৫০) নামে এক কৃষককে হত্যা করেছে। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র ম্রো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে চাহ্লাথোয়াই মার্মার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লামা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেছে। ফতুল্লায় লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকা থেকে গত শুক্রবার সকালে ডোবা থেকে সোহেল ফকির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল ফকির ষাটগুমু্বজ মসজিদ সংলগ্ন দীঘিরপাড়ের কাশেম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বাগেরহাট সদর মডেল থানার ওসি আলী আজম খান জানান, গত রবিবার ৪ বন্ধু বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর বাড়ি ফিরে আসেনি। পরে নেশাজাতীয় দ্রব্য সেবনের টাকা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ওই বন্ধুদের ধারালো অস্ত্রের আঘাতে সোহেল মারা গেছে। আলীকদমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বান্দরবানের আলীকদম উপজেলায় গতকাল শনিবার সকালে পানিতে ডুবে মর্জিনা বেগম নামে ৩ বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার সিরাজ কার্বারীপাড়ার জিয়াউর রহমানের মেয়ে।