আফগানদের স্বস্তির জয়

আপডেট : ২২ মে ২০১৯, ২২:০৪

স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর অস্বস্তি ছিল আফগানিস্তান দলের অন্দরমহলে। সেই অস্বস্তি কেটে গেল দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া জয়ে। আইরিশদের মঙ্গলবার রাতে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জয়ের নায়ক ওপেনার মোহাম্মদ শাহজাদ ও অধিনায়ক গুলবাদিন নাইব। নাইব ছয় উইকেট নেন। আর শাহজাদ করেন ১০১ রান। ফলে বিশ্বকাপের আগে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় শেষ করলো আফগানরা।

বেলফাস্টে টসে হেরে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় তারা। ৫ রান করে আউট হন ওপেনার নুর আলি জাদরান। তবে দ্বিতীয় উইকেটে ১৫০ রানের বড় জুটি গড়েন আরেক ওপেনার শাহজাদ ও তিন নম্বরে নামা রহমত শাহ। ৭ টি চার ও ১ টি ছক্কায় ৯০ বলে ৬২ রান তুলে আউট হন রহমত। তবে এক প্রান্ত আগলে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শাহজাদ। ১৬টি চারে ৮৮ বলে ১০১ রানে থেমে যান শাহজাদ।

শাহজাদের বিদায়ের পর নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটিং-এ সাথে হাসমতউল্লাহ শাহিদির ৪৮ বলে ৪৭ রানে ভর করে ৭ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। সাত নম্বরে নামা জাদরান ৭টি চার ও ৩টি ছক্কায় মাত্র ৩৩ বলে অপরাজিত ৬০ রান করেন। আয়ারল্যান্ডের মার্ক আদাইর ৭১ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৩০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। তাই দলের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ওপেনার পল স্টার্লিং চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ৫৬ বলে ৫০ রান করে থামেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে গ্যারি উইলসনের ব্যাট থেকে। বল হাতে বিধ্বংসী রূপ দেখিয়েছেন গুলবাদিন নাইব। ৯ দশমিক ২ ওভারে ৪৩ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।

বিশ্বকাপের আগে আইসিসির আয়োজনে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। এর মধ্যে ২৪ মে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ২৭ মে দলটি মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১ জুন থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দ্বিতীয়বারের মত ক্রিকেটের বড় মঞ্চে খেলতে নামা আফগানিস্তান। ব্রিস্টলের ঐ ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  - বাসস