নারী প্রিমিয়ার ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। ১০ দলের লিগ থেকে সুপার লিগে উন্নীত হয়েছে পাঁচটি দল। সুপার লিগে উঠেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমি, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে আটটি জয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খেলাঘর। শেখ রাসেল ১৫, রূপালীং ব্যাংক ১৩, মোহামেডান ১২ ও আবাহনী ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।
সুপার লিগে উঠতে ব্যর্থ হলেও প্রিমিয়ার লিগে টিকে থাকছে বিকেএসপি, বাংলাদেশ আনসার-ভিডিপি ও কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি। প্রথম বিভাগে অবনমন হয়ে গেল কলাবাগান ক্রীড়া চক্র ও গুলশান ইয়ুথ ক্লাবের। এদিকে সুপার লিগের খেলা শুরু হয়ে যাচ্ছে আজ। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর খেলবে আবাহনীর বিরুদ্ধে। একই ভেন্যুর চার নম্বর মাঠে শেখ রাসেলের প্রতিপক্ষ মোহামেডান। এরপর ২৫, ২৮, ৩০ মে এবং ১ জুন সুপার লিগের খেলা অনুষ্ঠিত হবে। প্রতি দিন দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে।
