আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বুধবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ দিন ছিল নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল: বরিশাল-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ ও বিএনপির জহির উদ্দিন স্বপন রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বরিশাল-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির শহিদুল হক জামাল ও আওয়ামী লীগের প্রার্থী মোঃ শাহে আলমসহ অন্য প্রার্থীরা। বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির প্রার্থী বেগম সেলিমা রহমান, জয়নুল আবেদিনসহ ও প্রার্থীরা। বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ, আওয়ামী লীগের পংকজ নাথ। বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী কর্ণেল জাহিদ ফারুক শামিম, বিএনপির মজিবর রহমান সরওয়ার ও এবায়দুল হক চাঁন। বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবদুর রশীদ খানসহ অন্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

খুলনা: খুলনায় ছয়টি আসনে মোট ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বুধবার বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের নয়জন, বিএনপির ২৭ জন, জাতীয় পার্টির সাতজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়জন, কৃষক শ্রমিক জনতা লীগের ছয়জন, জাকের পার্টির ছয়জন, সিপিবির দুইজন, জাসদ-ইনুর দুইজন, গণফোরামের একজন, নাগরিক ঐক্যের একজন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির দুইজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন, ইসলামী ঐক্যজোটের একজন, ন্যাশনাল পিপলস পার্টির তিনজন, ডেমোক্রেটিক লীগের একজন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ’র একজন, ন্যাপের একজন, তরিকত ফেডারেশনের একজন, ওয়ার্কার্স পার্টির একজন, খেলাফত মজলিসের একজন, গণফ্রন্টের একজন ও জামায়াতের একজন, স্বতন্ত্র চারজন মনোনয়নপত্র দাখিল করেন।
নাটোর: আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল নাটোর-২ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বুধবার নাটোর জেলা প্রশাসন কার্যালয়ের রিটার্নিং অফিসার মোঃ শাহ্ রিয়াজের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় মোঃ শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে আরও ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ।
ফেনী: বুধবার জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের কাছে মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনী-১ আসনের মহাজোটের পক্ষে জাসদ (ইনু) সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার এবং ফেনী-৩ আসনের মহাজোটের পক্ষে জাতীয় পার্টি (এরশাদ) এর লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এছাড়াও ফেনী-২ আসন থেকে বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ভিপি জয়নাল। বিএনএফ এর মনোনীত প্রার্থী শাহিরয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নুরুল করিম বেলালী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
ঝালকাঠি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ রাজাপুর-কাঠালিয়া ও ঝালকাঠি-২ ঝালকাঠি-নলছিটি আসনে মোট ২১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহ্জাহান ওমর বীর উত্তম। ঝালকাঠি-২ আসন থেকে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বিএনপির মনোনীত প্রার্থী জীবা আমিনা খান ও ইসরাত জাহান ইলেন ভুট্টো, জাতীয় পার্টির জাপা এমএ কুদ্দুস, গণফোরামের প্রার্থী জাহান শাহ্ কবির।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের জন্য চারটি আসনে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্যের মধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন সাতক্ষীরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান। একই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতসহ অনেকে জমা দিয়েছেন। সাতক্ষীরা-২ সদর আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বিএনপির জেলা সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সহ-সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা সভাপতি শেখ আজহার হোসেন। এই আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, বাম গণতান্ত্রিক জোটের নিত্যানন্দ সরকার। সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, বিএনপি দলীয় প্রার্থী ড্যাব নেতা ডা. শহিদুল আলম, জামায়াতের হাফেজ রবিউল বাশার। সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী জগলুল হায়দার এমপি, জামায়াতের গাজী নজরুল ইসলাম, একই আসনে জাতীয় পার্টি থেকে সাত্তার মোড়ল ও বিকল্পধারা থেকে সাবেক এমপি এইচএম গোলাম রেজাসহ মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানীর একাংশ) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বুধবার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সকারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিমের ভাই শেখ ফজলুর রহমান মারুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুল ইসলামের কাছে মনোয়নপত্র জমা দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান কালু খান প্রমুখ।
দিনাজপুর: বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দিনাজপুর-১ আসনে দুইজন, দিনাজপুর-২ আসনে একজন, দিনাজপুর-৪ আসনে একজন, দিনাজপুর-৫ আসনে একজন এবং দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দুইজন। দিনাজপুর-৩ আসনে এ পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, বুধবার দিনাজপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাগপার প্রার্থী আরিফুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির আবুল হক, দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসেন, দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোঃ মতিউর রহমান এবং দিনাজপুর-৬ আসনে ন্যাপ-এর কাজী আবু জাফর মোঃ লুত্ফর রহমান চৌধুরী ও ন্যাশনাল পিপল্স পার্টির সাঈদা খাতুন। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ মাহবুব উল ইসলামের কাছে দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মনোনয়নপত্র দাখিল করেন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনে বুধবার আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক কার্যালয়ে রমেশ চন্দ্র সেন দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কে.এম কামরুজ্জামান সেলিমের হাতে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসন থেকে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র ও মহাজোটের প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি ২৯৮ আসনে বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া, বিএনপি নেতা সমীরণ দেওয়ান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াদুদ ভূইয়ার ভাতিজা শহিদুল ইসলাম ভূইয়া। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ।
বগুড়া: বগুড়ায় সাতটি আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি ৫টি আসনে মহাজোটের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে বিএনপি থেকে ৭টি আসনে দলীয় চিঠি দেওয়া হয়েছে খালেদা জিয়াসহ ১৭ জনকে। বুধবার এসব প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে জমাও দিয়েছেন। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাংসদ আবদুল মান্নানকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি থেকে দুইজনকে চিঠি দেওয়া হয়। জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শোকরানা ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলামকে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির জেলা সভাপতি জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী করা হয়েছে। বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আবদুল মোমিন তালুকদার, তাঁর স্ত্রী মাসুদা মোমিন, আদমদীঘি থানা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে মহাজোটের প্রার্থী করা হয়েছে মহাজোটের জাতীয় পার্টির বর্তমান সাংসদ নুরুল ইসলাম তালুকদারকে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের চিঠি পাওয়ার কথা থাকলেও তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে মহাজোটের জাসদ প্রার্থী বর্তমান সাংসদ জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন, বিএনপি থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি ডাঃ জিয়াউল হক মোল্লা, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন। এই আসন থেকে কাহালু উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা তায়েব আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন। বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বর্তমান সাংসদ হাবিবর রহমানকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি থেকে চিঠি দেওয়া হয়েছে সাবেক এমপি জিএম সিরাজ ও জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকাকে। বগুড়া-৬ (সদর) আসনে খালেদা জিয়া ছাড়াও মনোনয়ন ফরম তুলেছেন তাঁর উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। এই আসনে মহাজোটের প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ নুরুল ইসলাম ওমর। বগুড়া-৭ আসনে (গাবতলী-শাজাহানপুর) খালেদা জিয়া ছাড়াও বিএনপি থেকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার। এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাপা নেতা বর্তমান সাংসদ আলতাফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
টাঙ্গাইল: জাতীয় পার্টি জেপির নির্বাহী সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। টাঙ্গাইলের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জেপির সভাপতি আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সাধারণ সম্পাদক এস এম মানিক প্রমুখ।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মো: সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় তার চার ভাই-বোন ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইসলাম, ডা. সৈয়দ জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর: মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে মেহেরপুর-১ আসনে ১৩ এবং মেহেরপুর-২ আসনে ১৭ জন প্রার্থী। মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র হিসেবে তিনজন এবং মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন একজন।
পঞ্চগড়: পঞ্চগড়ের দুটি আসনে আওয়ামী লীগ-বিএনপিসহ ১৭ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে পঞ্চগড়-১ আসনে নয়জন এবং পঞ্চগড়-২ আসনে আটজন। পঞ্চগড়ের দুটি আসনেই বিএনপির দুজন করে প্রার্থী জমা দেন। কাগজপত্র ঠিক না থাকায় জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।
জয়পুরহাট: জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও বিএনপি থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৫ জন প্রার্থী বুধবার বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ২টি আসনে মোট ১৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চুয়াডাঙ্গা—১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ১০জন। এরা হলেন, জাতীয় সংসদের হুইপ ও বর্তমান এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আওয়ামী লীগ), কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ কামরুজ্জামান (বিএনপি), অহিদুল ইসলাম বিশ্বাস (বিএনপি), শামসুজ্জামাম দুদু (বিএনপি), শরীফুজ্জামান শরীফ (বিএনপি), অ্যাডভোকেট সোহরাব হোসেন (জাপা-এরশাদ), এম সবেদ আলী (জাসদ-ইনু), তৌহিদ হোসেন (জেএসডি-রব), জহুরুল ইসলাম (ইশা) ও সেলিনা আক্তার (মুসলিম লীগ)। চুয়াডাঙ্গা—২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট আটজন। এরা হলেন, মাহমুদুল হাসান খান বাবু (বিএনপি), বর্তমান এমপি হাজী আলী আজগর টগর (আওয়ামী লীগ), মাও. রুহুল আমিন (স্বতন্ত্র), নূর হাকিম (স্বতন্ত্র), হাসানুজ্জামান (ইশা), সিরাজুল ইসলাম (ওয়ার্কাস পার্টি), আব্দুল লতিফ খান (জাকের পার্টি), শেখ লালন আহমেদ (গণফোরাম)।
মাগুরা: মাগুরায় দুটি আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আলী আকবরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড: সাইফুজ্জামান শিখর , বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জাতীয় পার্টি অ্যাড: হাসান সিরাজ সুজা, এম এ আওয়াল (জাসদ রব), ডা: মিজানুর রহমান (গণফোরাম), কুতুবউল্লাহ মিয়া কুটি (স্বতন্ত্র), অ্যাড: কাজী রেজাউল হোসেন (কংগ্রেস), মোতাসিম বিল্লাহ (বিএনএফ), নাজিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী তৌহিদুল ইসলাম (এনপিপি) এবং মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার , বিএনপির অ্যাড: নিতাই রায় চৌধুরী , মেহেদী আল মামুন, মোস্তফা কামাল, (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র দাখিল করেছেন ।
রাঙ্গামাটি: রাঙ্গামাটির ২৯৯নং আসনে আওয়ামী লীগ, বিএনপি, জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, বিএনপির দুইজন, জনসংহতি সমিতির দুইজন, ইউপিডিএফের দুইজন, জাতীয় পার্টির একজনসহ মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
হবিগঞ্জ: হবিগঞ্জের ৪টি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করেন।
পাবনা: পাবনার ৫টি আসনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। পাবনা-১ আসনে ১২টি, পাবনা-২ আসনে ৮টি, পাবনা-৩ আসনে ৭টি, পাবনা-৪ আসনে ৬টি এবং পাবনা-৫ আসনে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশা, বিএনপি মনোনীত সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, শাহরিয়ার জামিল জুয়েল (জাতীয় পার্টি, এরশাদ) মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর) মহাজোটের প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্যরা মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব-উল আলম হানিফ এমপি, বিএনপির সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিএনপির সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও নূরুল ইসলাম আনসার প্রামাণিকসহ অন্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টি জেপির সাইকেল মার্কার মনোনয়নপত্র দাখিল করেছেন সংসদ সদস্য মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিল, রাজিবপুর উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ সরদারসহ অন্যরা।
হোমনা (কুমিল্লা): কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আজগর আলীর কাছে তিনি মনোনয়নপত্রটি দাখিল করেন। এসময় হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আল আমিন সরকার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এই সময়ে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা বোরহান উদ্দিন, মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌর যুবসংহতির সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী প্রমুখ।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থীরা উত্সবমুখর পরিবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি (আওয়ামী লীগ), কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (বিএনপি), এম.এ খালেক পিএসসি (বিএনপি), অ্যাডভোকেট রফিক সিকদার (বিএনপি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া (বিএনপি), অ্যাডভোকেট কে.এম. জাবির (জাসদ রব), জেসমিন নূর প্রিয়াংকা (জাতীয় পার্টি) এবং অ্যাডভোকেট সৈয়দ মোঃ জামাল (সিপিবি)।
চরফ্যাশন (ভোলা): ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
ঝিনাইগাতী (শেরপুর): ঝিনাইগাতীতে চাচা ও ভাতিজা মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক ৩য় বারের মতো মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হাতে মনোনয়নপত্রটি জমা দেন। অপরদিকে তার ভাতিজা শেরপুর জেলা বিএনপির সভাপতি শেরপুর-৩ আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেল ৪র্থ বারের মতো দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।
মদন (নেত্রকোনা): নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামানের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. ওয়ালীউল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন মদন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, ওসি মোঃ রমিজুল হক, বিএনপির সভাপতি এন আলমসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
চিতলমারী (বাগেরহাট): বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহা ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: আবু সাঈদের হাতে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ ও সহাযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেগম নাজিয়া শিরিনের কাছ তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকার বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
