ভারত থেকে বেরিয়ে আসা ধলাই নদী কমলগঞ্জ উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে মিলিত হয়েছে। কিন্তু নদী সংস্কার ও খনন না হওয়ায় পাহাড়ি ঢলে পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে যাচ্ছে ধলাইনদী।
কমলগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী এখন মরা খালে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দ্রুত বন্যায় নদী ভাঙনের কবলে নিঃস্ব হয় শত শত পরিবার। নদী খনন ও সংস্কার কাজ না করায় বাঁধ ভেঙে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে অসহায়, বাস্তুহারায় পরিণত হচ্ছে। মাধবপুর ইউনিয়নের শিমুলতলা, ধলাইপার, কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, রহিমপুর ও মুন্সিবাজার ইউনিয়নেরও বেশ কিছু এলাকায় নদীর কবলে বাড়িঘর বিলীন হওয়ার অপেক্ষায়।
ধলাইপার গ্রামের মো. নূর মিয়া বলেন, ধলাইনদীর বাঁক কেটে সোজা ও কিছুটা সংস্কার করে দিলে এতো সমস্যা হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, নদী ভাঙনের ফলে এমন অবস্থা ধারণ করেছে, আগামী দু’-চার বছরে ভানুগাছ-হামিদুর রহমান সড়কটিও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
আঁকা বাঁকা ধলাই নদীর কোন সংস্কার কাজ না হওয়ায় চর জেগে ভরাট হতে চলেছে নদী। এই নদীর উপর নির্ভর করে কমলঞ্জের কৃষকরা চাষবাস করে থাকেন। কিন্তু নদী ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে দ্রুত বন্যা আবার শুষ্ক মৌসুমে মরা খালে পরিণত হয়। তারা বলেন, পরিকল্পিত উপায়ে ধলাই নদী খনন ও সংস্কার অতীব জরুরি। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, প্রতিবছর নদী ভাঙনে ধলাইপার, শিমুলতলাসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দেয়। ধলাইনদীর ওই এলাকায় ব্লক দিয়ে নদীর বাঁধ মেরামতের জন্য বার বার পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
