পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪১
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ২০ জন আহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতা। টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ভাই নিহত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টেম্পো চাপায় সাংবাদিকের ভাই হাফিজুর রহমান বিশ্বাস (৩২) নিহত হয়েছে। শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মুন্সিবাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ টেম্পো চালক আমিনুর রহমানকে আটক করেছে। নিহত হাফিজুর রহমান বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলী বিশ্বাসের ছেলে। সুন্দরগঞ্জে দুর্ঘটনায় নিহত ১ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ধোপাডাঙ্গা নতুন বাজার নামক স্থানে ভ্যানের ধাক্কায় আহত সাবেক মেম্বার মুনছুর আলী (৬৫) নিহত হয়েছে। শুক্রবার রাতে মুনছুর আলী বাজার থেকে বাড়ি ফেরার সময় ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোরে মুনছুর আলী মারা যায়। ভ্যান চালককে এলাকাবাসী আটক করেছে বলে জানা গেছে। ছাতকে নিহত ১, আহত ২০ ছাতকে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১১জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঁচগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান (৫০) উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও গ্রামের মৃত মফিজ আলীর পুত্র। গুরুতর আহত বাস যাত্রী আরমান আলী, তোফায়েল, তছদ্দর আলী, ওয়ারিছ আলী, লাকি বেগম, রাখি বেগম, সবজিল, আসাদ মিয়া, আব্দুল হান্নান, সামছুল হক, আব্দুল্লাহকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।