গৌরনদীর হজ্বযাত্রী ও হজ্ব এজেন্সির মালিকরা এলাকার কতিপয় দালালের হাতে জিম্মি হয়ে পড়েছেন। হাব-এর আইডি কার্ড ছাড়াই গৌরনদী,আগৈলঝাড়া,মুলাদী ও কালকিনি এলাকার ৬/৭ জন দালাল হাজী সংগ্রহের জন্য মাঠে নেমেছেন। দালালদের কেউ কেউ আবার বাড়িতে ভোজসভার আয়োজন করে, কেউ কেউ নানা উপঢৌকন দিয়ে হজ্বে গমনেচ্ছুকদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। দালালদের দ্বারা নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হন সাধারণ হজ্বযাত্রীরা। গতবছর গৌরনদীর ২৮ হজ্বযাত্রী প্রতারণার শিকার হন। এদের মধ্যে ১৫ জন হজ্বযাত্রী হজ্ব পালন করতে পারেননি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে জানান, হাজী সংগ্রহ করতে হলে হাবের নিয়ম-কানুন অবশ্যই মানতে হবে। হাজীদের নিয়ে প্রতারণা করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
