পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪২
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। বারহাট্টায় দুই বোনের মৃত্যু নেত্রকোনা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সিংধা গ্রামে শনিবার পুকুরে ডুবে খুশি (৬) ও মরিয়ম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা ওই গ্রামের সাইফুল ইসলাম ও তার ভাই নজরুল ইসলামের মেয়ে। ওই দিন বিকালে খুশি ও তার চাচাতো বোন মরিয়ম বাড়ির সামনে খেলা করছিল। এক সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। চৌগাছায় যুবকের লাশ উদ্ধার যশোর চৌগাছায় পুলিশ ইউছুফ আলী (১৮) নামে এক যুবকের জাবাই করা লাশ উদ্ধার করেছে। এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে ওসি মতিয়ার রহমান রবিবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামের মাঠে কামরুলের ভুট্টার ক্ষেত থেকে ইউসুফের লাশ উদ্ধার করে। ইউসুফ উপজেলার বেলেমাঠ গ্রামের ইসহকের ছেলে। হত্যার অভিযোগে পুলিশ একই গ্রামের মোস্তফার ছেলে টিটোকে আটক করেছে। সেনবাগে যুবলীগ নেতার মৃত্যু নোয়াখালী সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মো. আকবর হোসেন (২৯) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সেনবাগ পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাবুপুর গ্রামের বাড়িতে। আকবর ওই গ্রামের মো. আবুল খায়েরের বড় ছেলে। নেত্রকোনায় শিশুর মৃত্যু দশ টাকার বিনিময়ে দশ গ¬াস পানি পান করে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বর্ণি গ্রামের মিরাজ আলীর শিশুপুত্র আকাশ ওরফে আক্কু (৯) মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনা গত বৃহস্পতিবার রাতের। গত বুধবার রাতে বাংলা এলাকার জনৈক রেজ্জাক দশ টাকার বিনিময়ে দশ গ্লাস পানি পানের জন্য আকাশের সাথে বাজি ধরেছিল। পানি পানের সঙ্গে আকাশ অসুস্থ হয়ে পড়লে তাকে নেত্রকোনার শিশু বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের কাছে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার দাফন করা হয়। আড়িয়াল খাঁ থেকে যুবকের লাশ উদ্ধার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৩০/৩৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার লাশ উদ্ধার করা হয়। আশুগঞ্জে আহত ব্যক্তির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে খড়িয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মো. মিজান সরকার (৫৫) শনিবার ঢাকা সোহ্রাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এব্যাপারে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বেনাপোলে অজ্ঞাত কিশোরীর লাশ বেনাপোলে গাতীপাড়া সীমান্ত থেকে শনিবার অজ্ঞাত (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার এসআই শোয়েব আহমেদ জানান, গাতীপাড়া সীমান্তের মুচি বাড়ি বিজিবি পোস্টের পাশে শফি ডাক্তারের আম বাগানে যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ছাতকে গিয়ারওয়েল পানে চালকের মৃত্যু ছাতকে গিয়ারওয়েল পান করে আব্দুল বারী (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নাগড়াখালি গ্রামের লালু মিয়ার পুত্র। ৫-৬ দিন পূর্বে বন্ধুদের সাথে বাজি ধরে ট্রাক চালক আব্দুল বারী গিয়ারওয়েল পান করে। ঘটনার কিছুক্ষণের মধ্যে তার শারীরিক অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকাবস্থায় শনিবার তার মৃত্যু ঘটে। সরাইলে শিশুর মৃত্যু শনিবার ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পানিতে ডুবে মনা মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ঘটনা ঘটে। নন্দিপাড়া গ্রামের বাবু মিয়ার বাড়িতে শিশুর মাতা তাছলিমা বেগম গৃহকর্মীর কাজ করতো। শিশু মনা মিয়া বাড়ির উঠানে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বরিশালে শিশুর মৃত্যু বাবুগঞ্জ মাধবপাশা ব্রিজ এলাকায় বেল্লাল হোসেন নামে দু’ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার জাকির খলিফার পুত্র বেল্লাল বাড়ির নিকটস্থ পুকুর পাড়ে খেলাধুলার সময় হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মুমূূর্ষু অবস্থায় বেল্লালকে পুকুর থেকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। না.গঞ্জে দুই লাশের পরিচয় শনাক্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর এলাকা থেকে শুক্রবার রাতে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম শোয়েব হোসেন (২২)। সে স্থানীয় দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও লেখক কবি নেয়ামতউল্লাহ ওরফে রুদ্র নেয়ামতের ভাগ্নে। বুধবার রাত থেকে নিখোঁজের পর শুক্রবার রাতে লাশটি উদ্ধার করা হয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নেয়ামত। শনিবার শহরের দেওভোগ নাগবাড়ি এলাকা থেকে শিপলু বেপারী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল। নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ওই ডোবাতে ফেলে দেয়। শিপলু ফতুল্লার নাগবাড়ি এলাকার আবদুল আউয়ালের ছেলে। সে মাদকাসক্ত বলে জানা গেছে।