নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পুনঃগণনার জন্য প্রধান নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ ৫৬ জনকে বিবাদি করে নির্বাচন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেছেন চেয়ারম্যান প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। বৃহস্পতিবার নওগাঁ নির্বাচনী ট্রাইবুনাল ও যুগ্ম জেলা জজের প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। জানা যায়, ২৭ ফেব্রুয়ারি আত্রাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের সহযোগিতায় আনারসের প্রতীকের এজেন্টদের মোটর সাইকেল প্রতীকের লোকজনরা ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। ৪৯টি কেন্দ্রের মধ্যে গণনায় ৩৭টি কেন্দ্রে ফলাফল রাত ৮টার মধ্যে আনারস প্রতীক ৪০৪৭ ভোটে এগিয়ে থাকে। পরে উক্ত ১২টি কেন্দ্রের ফলাফল সীট না দিয়ে উপজেলা কন্ট্রোল রুমে নিয়ে আসে। স্থানীয় সংসদ সদস্য উক্ত নির্বাচনী কর্মকর্তাদের আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ৪১৭০১ ও মোটর সাইকেল প্রতীকের ৪১৯৩০ ভোট দেখাইয়া আনারস প্রার্থীকে পরাজিত ঘোষণা করে আ’লীগ প্রার্থী মোটর সাইকেল প্রতীকে ২২৯ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
এ ব্যাপারে নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যা জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। তারপরেও নির্বাচন কমিশনে উক্ত চেয়ারম্যানের নামসহ গেজেট প্রকাশ হলে বৃহস্পতিবার নির্বাচন ট্রাইবুনাল আদালতে আনারস প্রতীকের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু বাদি হয়ে উক্ত ৫৬ জনকে বিবাদি করে মামলা দায়ের করেন।
