আসন্ন ৩১ মার্চ উপজেলা নির্বাচনকে ঘিরে টেকনাফ বিএনপিতে দিন দিন বিরোধ চরম আকার ধারণ করেছে। জেলা বিএনপির পক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে টেকনাফ উপজেলা সভাপতি সরওয়ার কামাল চৌধুরীর নাম ঘোষণা করলেও অপর এক প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সমপাদক মোহাম্মদ আবদুল্লাহ মাঠে রয়েছেন। বিদ্রোহী প্রার্থী নিয়ে দলীয় নেতা-কর্মীরা বিপাকে। সাধারণ নেতা-কর্মীদের দাবি, জেলা বিএনপি থেকে একক প্রার্থী দাবি জানান সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে। এদিকে দুই প্রার্থী সমর্থক ও অনুসারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, এ বিষয়টির ব্যাপারে করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলকে দলীয় প্রার্থী সরওয়ার কামাল চৌধুরীর পক্ষে তত্পরতা চালানোর আহবান জানানো হয়। সভায় সাংগঠনিক সমপাদক জাফর আলম, যুগ্ম সাধারণ সমপাদক এডভোকেট হাসান সিদ্দিকীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকেন। অপরদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা মনে করছেন জেলা সভাপতি শাহজাহান চৌধুরী আওয়ামী লীগের সাথে সমঝোতা করেই বিএনপির শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা জেলা সভাপতিকে বয়কট করার ঘোষণাও দিয়েছেন ।
