ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রাথী ও সমর্থকদের রাত-দিন অবিরাম ছুটে চলার যেন শেষ নেই। এবার কে হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান— এ নিয়ে চলছে দলের নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে নানা জল্পনা-কল্পনা। নির্বাচনী উত্সবে মেতেছে গাঁও গ্রামের মানুষ। পোস্টার, লিফলেট, ব্যানারে ছেয়ে গেছে শহর ও গ্রামগঞ্জের সর্বত্র। চোখে ঘুম নেই প্রার্থী সমর্থকদের। অবিরাম ছুটে চলা এ গ্রাম থেকে ও গ্রাম। এখন উপজেলার গাঁও-গ্রামের ভোটারের মন জয়ে অবিরাম ছুটে চলা। নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বিএনপি সমর্থিত (মটরসাইকেল মার্কা) বলেন, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এখন গ্রামে গ্রামে ভোটারদের কাছে যেতে হবে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (আনারস মার্ক) নিয়ে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার জাতীয় পার্টি সমর্থিত (ঘোড়া) প্রতীক নিয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। জামায়াতে ইসলামী সমর্থিত মুহাম্মদ আব্দুর রশিদ (দোয়াত কলম) এবং পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো (কাপপিরিচ) প্রতীকে নির্বাচন করছেন। এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে ময়নুল হক মনু (চশমা), আমিনুল ইসলাম রিমন(তালা), আব্দুল মান্নান (টিউবয়েল), শাহদাত্ হোসেন (বৈদ্যুতিক বাল্ব), রকিব হাসান রন(টিয়া পাখি) এবং আব্দুল হাকিম(মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে মেহেরুন আক্তার পোলিন (প্রজাপতি), সন্ধ্যা রানী রায়(বৈদ্যুতিক পাখা), ডেইজি নাজনীন মাসরাফি(হাঁস), নার্গিস তৌহিদা জ্যোতি(ফুটবল), বেগম রওশন কানিজ(ক্যামেরা), শাহনাজ পারভিন (সেলাই মেশিন), রওশন আক্তার খানম (কলস) ও রুনা লায়লা (পদ্মফুল) ।
