আগামী ৩১ মার্চ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র ঠাকুরগাঁও সদর উপজেলা। উপজেলার সকল গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারসমূহে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। ভোর থেকে শুরু করে গভীর রাত্রি অবধি উপজেলার সর্বত্রই নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে চলছে প্রার্থী যোগ্যতা ও গুণাগুণ নিয়ে চুলচেরা বিচার-বিশ্লেষণ। ভোট জল্পনা-কল্পনা, এ সংক্রান্ত আলোচনা-সমালোচনা ও আলাপচারিতায় জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে উপজেলার সকল চা-রেস্তোরাঁ, খাবার হোটেল ও গ্রাম-গঞ্জের সকল মন্ডল-মাতব্বরের বাড়ি ও বৈঠকখানা। এই উপজেলায় চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন। এরা হলেন: বর্তমান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনারস প্রতীকে অরুনাংশু দত্ত টিটো, বিএনপি সমর্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোড়া প্রতীকের তৈমুর রহমান।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে লড়ছেন ২ জন চূড়ান্ত প্রার্থী। এরা হলেন:আওয়ামী লীগ আশরাফুল হক চৌধুরী (টিউব অয়েল), ১৯ দলীয় সমর্থিত আলমগীর হোসেন (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন চূড়ান্ত প্রার্থী। এরা হলেন: আওয়ামী লীগ সমর্থিত পারুল আক্তার(ফুটবল), বিএনপি সমর্থিত ফরাতুন নেসা প্যারিস (হাঁস) ও ওয়ার্কার্স পার্টির সমর্থিত শিল্পী বেগম (কলস) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩১ মার্চ ৪র্থ দফা অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিরাজ করছে উত্সবমুখর পরিবেশ। যেসব ভোটার জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে পারেননি এবার ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দেবেন এমন আশায় ভোটাররা দিন গুনছেন।
