ধনবাড়ীতে স্বামীর কথায় ভোট না দেয়ায় তালাক
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে স্বামীর কথায় বিএনপি সমর্থিত প্রার্থীকে ভোট না দেয়ায় স্ত্রীকে তালাক দিলেন এক স্বামী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ধনবাড়ী পৌরসভার চাতুটিয়া গ্রামে। ১৫ মার্চ অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ধনবাড়ী পৌরসভাধীন চাতুটিয়া গ্রামের বাহার আলী তার স্ত্রী বানেছা বেগম (৪০) কে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্লাহ ফকিরকে ঘোড়া মার্কায় ভোট দিতে বলেন। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে বানেছা বেগম স্বামীর কথা অমান্য করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মীর ফারুক আহমাদ ফরিদকে দোয়াতকলম মার্কায় ভোট দেন। এ কথা স্বামী বাহার আলী জানতে পেরে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অমানুষিক নির্যাতন চালান। মেয়র ঘটনা শুনে তাত্ক্ষণিক স্থানীয় কাউন্সিলর আব্দুল মজিদ মিন্টুর কাছে প্রায়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পত্র দিয়ে বানেছাকে পাঠিয়ে দেন। ঐ কাউন্সিলর মেয়রের পত্র পেয়ে তাকে সাথে নিয়ে চাতুটিয়া গ্রামে স্বামী বাহার আলীর নিকট যান। এতে আরো ক্ষিপ্ত হয়ে স্বামী বাহার আলী স্ত্রী বানেছাকে ঐ কাউন্সিলরের উপস্থিতিতে মারপিট করে তালাক প্রদান করেন এবং বাড়ি থেকে বের করে দেন।
বাঁশখালীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা \ গত শনিবার বাঁশখালী আধুনিক হাসপাতাল মিলনায়তনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে বিএনপি প্রার্থী আলমগীর কবির চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিএনপি প্রার্থী আলমগীর কবির চৌধুরী পুঁইছড়ি, গন্ডামারা, চাম্বল, বাহারছড়া, পুকুরিয়াসহ বিভিন্ন এলাকায় ৩০টি কেন্দ্র দখল করার হুমকি দিয়ে বেড়াচ্ছে।
ঝালকাঠিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠি সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার এনামুল হক এলিনসহ ৩৪ জনকে আসামি করে আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার ঝালকাঠি থানায় বরিশাল জেলার রহমতপুর নিবাসী জবেদ আলী মৃধার পুত্র মোঃ একরাম মৃধা বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী এলিনকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন।
গৌরীপুরে স্থগিত কেন্দ্রের নির্বাচন ২৭ মার্চ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত ১৫ মার্চ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনার সময় উপজেলার শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসী কর্তৃক ব্যালট পেপার ছিনতাই ও পুড়িয়ে দেয়ার কারণে ওই তিনটি কেন্দ্রের নির্বাচন স্থগিত হয়ে যায়। এই তিন কেন্দ্রের ভোটার সংখ্যা ৬১২৬। উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক বেশি হওয়ায় স্থগিত কেন্দ্রের ভোটের প্রয়োজন না হওয়ায় ওই দুটি পদে ফলাফল নির্ধারণ হয়ে যায়।
কালিয়াকৈরে জাপা কর্মীদের উপর সন্ত্রাসী হামলা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় রাতের আঁঁধারে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী খন্দকার আব্দুস সালামের কর্মীদের উপর একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে অপহরণের চেষ্টা
বরিশাল অফিস \ আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রিকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন দলের সমর্থিত প্রার্থী গোলাম মরতুজা। শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় বিদ্রোহী প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য শুরু থেকে প্রভাবশালী নেতারা চাপ প্রয়োগ করে আসছে। তিনি কোন চাপের কাছে নতি স্বীকার না করায় শুক্রবার গোলাম মরতুজার লোকজন তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়।
বাগমারায় চেয়ারম্যান প্রার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়নি
রাজশাহী অফিস \ রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। কাজেই উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত একক প্রার্থী অধ্যাপক মোখলেসুর রহমান। শনিবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুলি কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে আরো উল্লেখ করা হয়, জিয়াউর রহমান তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন দেয়া হয়েছে বলে যে চিঠি বিতরণ করছেন তা ভিত্তিহীন ও জাল।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকীকে (প্রতীক চিংড়ি মাছ) দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
গজারিয়ায় সহকারী রিটার্নিং অফিসার লাঞ্ছিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গজারিয়ায় সহকারী রিটার্নিং অফিসার ও গজারিয়া ইউএনও ড. এটিএম মাহবুব-উল-করিম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। শনিবার ইইএনও অফিসের মাঠে শত শত লোকের সামনে পোশাক পরিহিত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হক এই ঘটনা ঘটায়। বিষয়টি রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানোর পর তাত্ক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার রাতে ঘটনাস্থলে সাক্ষ্য গ্রহণের পর জানান, ঘটনাটি দুঃখজনক। উপ-পুলিশ পরিদর্শক এমদাদুল হক ইএনওকে কিল ঘুষিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তদন্ত রিপোর্ট শীঘ্রই নির্বাচন কমিশনে পাঠানো হবে। ইউএনও ড. এটিএম মাহবুব-উল-করিম জানান, ইউএনও অফিস থেকে প্রিজাইডিং অফিসারদের দেয়া নির্বাচনী সামগ্রীতে নাম্বার না থাকায় তিনি লোক ডেকে নাম্বারিং করান। পরবর্তীতে এই এএসআই একটু পরে এসে এই নাম্বার ছিঁড়ে ফেলে দেয় এবং কেন এই নাম্বারিং করেছে গালিগালাজ করে। ইউএনওর নির্দেশে নাম্বারিং করেছেন বলতে আরও উত্তেজিত হয়ে উঠে। কাছে থাকা ইউএনও বিষয়টি জিজ্ঞেস করতে এই ঘটনা ঘটনায়। এদিকে এএসআই এমদাদুল হক বলেন, ইউএনও আমাকে গালি দিয়েছে হারামজাদা বলে। শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত পুলিশ।
পাকুন্দিয়ায় বৃষ্টিতে ঝরে গেছে প্রার্থীদের পোস্টার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা এখনো কয়েক দিন বাকী। এর মধ্যে পোস্টারে পোস্টারে পুরো উপজেলা ছেয়ে গেলেও পোস্টার লাগানোর কয়েক দিনের মাথায় গত শনিবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসে খোলা আকাশের নিচে থাকা পোস্টার ছিঁড়ে পড়েছে। বৃষ্টিতে ভিজে দড়ি আছে পোস্টার নেই। গাছে রশি টাঙ্গিয়ে যে সকল পোস্টার লাগানো হয়েছে তা ভিজে পড়ে যেতে দেখা গেছে। এতে করে প্রার্থীদের নতুন করে পোস্টার ঘাটতির ভাবনায় ফেলেছে। বৃষ্টিতে ভিজে যাওয়া পোস্টারগুলো অনেক স্থানে নতুন করে আবার লাগানো হতে পারে।
রায়পুরে ৩ দিনের নির্বাচনী প্রশিক্ষণ
রায়পুর (লক্ষীপুর) সংবাদদাতা \ ৫ম পর্যায়ের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ মোট ১ হাজার ৪৯৩ জনকে ৩ দিনের প্রশিক্ষণ গতকাল রবিবার শেষ হয়েছে। রায়পুর মার্চেন্টস একাডেমী উচ্চবিদ্যালয় ভবনের মিলনায়তনে এ প্রশিক্ষণ দেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মনপুরায় আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন
মনপুরা (ভোলা) সংবাদদাতা \ মনপুরা আ’লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রেসক্লাব কার্যালয়ে এসে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান হয়েছে বলে দাবি করেন আ’লীগ প্রার্থী মিসেস শেলিনা আক্তার চৌধুরী। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বি.এন.পি প্রার্থীর অভিযোগ, জোরপূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই অভিযোগ প্রত্যাখ্যান করেন আ’লীগ প্রার্থী।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ’লীগ যুগ্ম আহবায়ক শাহরিয়ার চৌধুরী দ্বিপক, অধ্যাপক এ.কে.এম শাহজাহানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুর কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি ও সম্মিলিত নাগরিক ফোরামের চেয়ারম্যান প্রার্থী ও জামায়াতে ইসলামীর ভাইস চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগে ৩ জনকে শোকজ করা হয়েছে। গতকাল রবিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার নির্বাচন আচরণ বিধিমালা-২০১৩ এর ১২(খ) ধারা লংঘন করার অপরাধে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক বাগমার নয়ন, ৮(৭) ধারা লংঘন করার অপরাধে সম্মিলিত নাগরিক ফোরামের মো. মনির হোসেন ও জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলামকে শোকজ করেন।
মাদারগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গতকাল রবিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উত্সবমুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড:কামরুজ্জামানের হাতে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলাল, মির্জা গোলাম কিবরিয়া কবীর, বিএনপি মনোনীত মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা আতাউর রহমান আবু তালুকদার, স্বতন্ত্র প্রার্থী শাফিউল ইসলাম শাফি, একেএম ফারাহ রাব্বী, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম, বিএনপি’র মিজানুর রহমান মিজান, জামায়াতের শাদিউর রহমান শাদী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাজমা পারভীন মুন্নি, বিএনপি’র মেরী বেগম, নুরন্নাহার বেগম মনোনয়ন দাখিল করেছেন।
সুন্দরগঞ্জে প্রার্থী ও সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহছানে এলাহী। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজিয়া বেগম, সাংবাদিক এ মান্নান আকন্দ, আ’লীগ নেতা গোলাম কবির মুকুল, জাহাঙ্গীর আলম, রেজাউল আলম, ওয়ার্কার্স পার্টির নেতা সাদেকুল ইসলাম দুলাল, জাসদ নেতা মসলিম আলী প্রমুখ।
তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ও তথ্য গোপন করার দায়ে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পর্যবেক্ষক এমদাদুল হক, জেলা রিটার্নিং অফিসারের কাছে এ অভিযোগ দায়ের করেন।
