শুরু হলো মেয়েদের বিশ্বকাপ

নিউজিল্যান্ডের শুভ সূচনা

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:৪৯
নিউজিল্যান্ড মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারি অস্ট্রেলিয়াকে সাত রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে । বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে বুধবার। তাদের বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুতেই ধাক্কা খায় অধিনায়ক সুজি বেটসের উইকেট হারিয়ে। তবে দ্বিতীয় এবং তৃতীয় উইকেটে ম্যাকগ্লাশান ও পার্কিন্সকে নিয়ে যথাক্রমে ২৬ ও ৪৬ রানের দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন আরেক ওপেনার ফ্রান্সিস ম্যাকায়। দলীয় ৭৬ রানে ম্যাকায় ফিরে গেলেও দলকে লড়াই করে পুঁজি এনে দেয় নিকোলা ব্রাউনির ২৯ রানের জুটিটি। এলিস পেরির একমাত্র শিকারে পরিণত হবার আগে ব্রাউনি তিনটি চার এবং একটি ছয়ে সাজান তার ১৯ বলের ঐ ইনিংসটি। শেষদিকে তার এই ইনিংসেই মূলত নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১২৮ রান করে নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৩১ রান আসে পার্কিন্সের ব্যাট থেকে। অন্যদিকে, দুটি করে উইকেট নিয়ে জোনাসেন ও সারাহ কয়টি ছিলেন অস্ট্রেলিয়ার সফলতম দুই বোলার। রান তাড়ায় নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ারও। রানের খাতা খুলতে না খুলতেই তারা হারায় ভিলানির উইকেটটি। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিসা হিলি ৪১ বলে ৪১ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেললেও একমাত্র অ্যালেক্স ব্ল্যাকওয়েল ছাড়া দাঁড়াতে পারেননি আর কেউই। ফলে ১৯.৩ ওভারে ১২১ রানেই থেমে যায় তাদের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট পান হলি হাডলস্টোন। আজ একই ভেন্যুতে অনুষ্ঠেয় দুটি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও ভারত-শ্রীলঙ্কা।