জলবায়ু তহবিলের আওতায় ২০৭ প্রকল্প অনুমোদন পেয়েছে

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৪
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাকে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে জলবায়ু তহবিল থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচি ভবিষ্যতে আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল রবিবার জাতীয় সংসদে পটুয়াখালী-৩ আসনের সদস্য আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিবেশ মন্ত্রী সংসদকে জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের তহবিলের আওতায় ঢাকা বিভাগে ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৬৭টি, বরিশাল বিভাগে ২৬টি, খুলনা বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১৪টি, সিলেট বিভাগে ২১টি ও রংপুর বিভাগে ১২টিসহ মোট ২০৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সুন্দরবন রক্ষায় বিশেষ পরিকল্পনা: সাতক্ষীরা-৪ আসনের এসএম জগলুল হায়দারের প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু সংসদকে জানান, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন রক্ষায় সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে সুন্দরবনে বনপ্রহরীদের তত্পরতা বৃদ্ধির পাশাপাশি জলদস্যু, বনদস্যু দমনে পুলিশ, কোস্টগার্ড, র্যাব ও বনকর্মী সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ ফোর্স সুন্দরবন রক্ষায় নিয়মিত কাজ করছে। বাঘ সংরক্ষণে ‘টাইগার একশন প্ল্যান ২০০৯-২০১৭’ প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া সুন্দরবনের ওপর নির্ভরশীল বন সংলগ্ন গ্রামবাসীকে সচেতন ও বন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাদের বিকল্প আয়ের সংস্থান করা হয়েছে। পাশাপাশি সুন্দরবন সংরক্ষণে পাশের দেশের সাথে সমঝোতা স্মারক সম্পাদন করা হয়েছে। আন্দোলনে ১৪ হাজার গাছ নিধন:নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী জানান, ২০১৩ সালে রাজনৈতিক কারণে সৃষ্ট অস্থিরতা চলাকালে বিশেষ করে হরতাল ও অবরোধের মত কর্মসূচির নামে দেশব্যাপী গাছ নিধনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মার্চ-এপ্রিলে ১০ হাজার ৩০টি এবং নভেম্বর-ডিসেম্বর মাসে ৪ হাজার ২২৮টি মিলিয়ে মোট ১৪ হাজার ২৫৮টি গাছ কাটা হয়। তিনি জানান, বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বন বিভাগ ১৪২টি মামলা করেছে। কিছু ক্ষেত্রে শব্দদূষণের মাত্রা অসহনীয়:ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, শব্দদূষণ রোধে বর্তমান সরকার বিভিন্ন ব্যবস্থা নেয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে এটি সহনীয় মাত্রা অতিক্রম করছে। সরকার শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে দূষণ প্রশমন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ঢাকা-৭ আসনের হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনায়ন কর্মসূচির আওতায় ২০১২-১৩ অর্থবছরে সারাদেশে ১৩ হাজার ৫১৯ দশমিক ৮৫ হেক্টর নতুন বাগান, ১ হাজার ১শ’ দশমিক ১০ কিলোমিটার ‘স্ট্রিপ’ বাগান সৃজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ২ লাখ ৪২ হাজার ৪৩০টি চারা রোপণ করা হয়েছে। এতে সরকারের খরচ হয়েছে ৩১ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৩১৮ টাকা।