ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করা উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

আপডেট : ২২ মে ২০১৯, ২২:২৪

যেসব উদ্যোক্তা বা পরিচালক ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। এ লক্ষ্যে ওইসব উদ্যোক্তা/পরিচালকদের তালিকা খুঁজে বের করতে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও) দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া না জানিয়ে শেয়ার বিক্রি করে উদ্যোক্তা/পরিচালকরা কত টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে, সিআরও সেই তথ্যও বের করবেন। এরপরে ওইসব উদ্যোক্তা/পরিচালকের বিরুদ্ধে আইন অনুযায়ী সকল পদক্ষেপ নেওয়ার জন্য বিএসইসিকে অবহিত করা হবে।

ডিএসইর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মধ্যে একটি সমন্বয় কমিটি তৈরি হয়েছে। যে কমিটি আগামীতে একসঙ্গে কাজ করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে না জানিয়ে উদ্যোক্তা/পরিচালকরা শেয়ার বিক্রি করতে পারলেও এখন আর সেটা সম্ভব না। কারণ এরইমধ্যে এই সমস্যারোধে বিএসইসি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ডিএসই, ডিবিএ, সিএসই ও বিএমবিএর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যার মূল উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে সমন্বয় তৈরি করা। যাতে আগামীতে শেয়ারবাজার নিয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাবনা না দিয়ে, সমন্বয় করে একটি প্রস্তাব দেওয়া হয়। আগামীতে যেকোনো বিষয়ে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই ৪টি সংগঠনের পক্ষে একটি প্রস্তাব দেওয়া হবে। এ লক্ষ্যে ডিএসইর পক্ষে আমার (ইমন), ডিবিএর পক্ষে শাকিল রিজভী, সিএসইর পক্ষে ছায়েদুর রহমান ও বিএমবিএর পক্ষে নাসির চৌধুরীর নেতৃত্বে প্রত্যেকটি  প্রতিষ্ঠান থেকে ৩ জন করে প্রতিনিধি থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে প্রতিনিধি ছাড়াও চার প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিতে পারবে। শেয়ারবাজার সংশ্লিষ্ট যেকোনো প্রস্তাব দেওয়ার আগে সমন্বয় কমিটির মধ্যে আলাপ-আলোচনা হবে বলে জানিয়েছেন ইমন। নিজেরা ঠিক করার পরে একটি প্রস্তাব দেওয়া হবে। যাতে কোনো ভেদাভেদ তৈরি না হয়। অন্যথায় ভিন্ন ভিন্ন প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়। যা শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলে।