আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগের তিনটির চেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর ও শক্ত হাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অভিনন্দন। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা তাদের পেশাদারি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
গতকাল রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এইচ টি ইমাম বলেন, এবার খুব একটা ঘটনাবহুল কিছু হয়নি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগে আপনারা বলেছিলেন, তৃতীয় দফায় অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু দেখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও ভারপাপ্ত সিইসি কত সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন ঘটনাই ঘটেনি। তিনি বলেন, ৯১ উপজেলার মধ্যে কোনো উপজেলাতেই পুরোপুরি ভোট গ্রহণ স্থগিত করা হয়নি। মাত্র ১৮টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়নি, গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। তবে যে টিমের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে না সেখানে সেনাবাহিনী আটক করতে পারবে।
‘উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোত্সব চলছে’ - বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ইমাম বলেন, বিএনপি পেশাদারি মিথ্যাচার করছে। তাদের অভিযোগ এখন ‘চ্যাটার বক্সের’ মতো। কাজ নেই শুধু অফিসে বসে অনর্গল মিথ্যা কথা বলে।
গজারিয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, সত্যি সত্যি আওয়ামী লীগে সংঘর্ষ হচ্ছে কি না, অথবা আওয়ামী লীগের মধ্যে ঢুকে অন্য কেউ কোনো কিছু করছে কি না -আমরা তা খতিয়ে দেখছি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
