Avoাইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চুক্তিতে নীতিগত অনুমোদন

আপডেট : ২২ মে ২০১৯, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপানের সুমিতোমো করপোরেশনের মধ্যে যৌথ উদ্যোগের চুক্তি স্বাক্ষরে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার আগারগাঁস্থ ইআরডি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, জাপানের জন্য মিরসরাই ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এর মাধ্যমে জাপানের বড় বিনিয়োগ আসবে। অর্থমন্ত্রী জানান, আগামী ২৮জুন প্রধানমন্ত্রী জাপান সফর করবেন। জাপান সবচেয়ে বেশি সহায়তা করে ক্যাপাসিটি বিল্ডিং বা সক্ষমতা অর্জনে। সভায় পূর্বাচল নতুন শহর এলাকায় ‘ডেভেলপমেন্ট অব ওয়াটার ডিস্ট্রিবিউশন এন্ড সাপ্লাই ফ্যাসিলিটিস অ্যাট পূর্বাচল নিউ টাউন থ্র পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শীর্ষক প্রকল্পটি পিপিপি কন্ট্রাক্ট ডকুমেন্ট চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এবিষয়ে অর্থমন্ত্রী বলেন, পূর্বাচলে নতুন শহর প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লেগেছে। এর একটি কারণ সেখানে প্রকল্প বাস্তায়নের সময় অনেক পরিবারকে স্থানান্তর করতে হয়েছে। তাছাড়া একটি মামলার কারণে কাজ অনেক পিছিয়েছে। এখানে ভূ-উপরিস্থ পানি সরবরাহে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে গতকাল একই স্থানে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে বিজেএমসি এর নিকট থেকে ৩০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন এক কোটি পিস হেসিয়ান বস্তা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর-ভিতরবন্দ-নাগেশ্বরী মহাসড়কের দুধকুমর নদীর উপর সোনাহাট সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মূল সেতু নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৬ কোটি টাকা। সভায় মোস্তফা মটরস লি. এবং সোলারল্যান্ড ইলেকট্রিক সায়েন্স অ্যান্ড টেকনলজি কো. লি. (সৌদি এগ্রো সোলার পাওয়ার প্লান্ট) এর যৌথ উদ্যোগে পাবনা জেলার বেড়া উপজেলায় ৩.৭৭ মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুত্ প্রকল্প স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এই সোলারে উত্পাদিত বিদ্যুত্ জাতীয় গ্রিডে ব্যবহার করা হবে। প্রতি ইউনিট বিদ্যুত্ ৮.১৫ টাকা হিসাবে ২০ বছর মেয়াদে ১০৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুত্ ক্রয় করবে সরকার। বিদ্যুত্ সরবরাহ কম হলে এই অর্থ ব্যয়ও কম হবে।