তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের পর সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে তুর্কি প্রতিরক্ষাবাহিনী। দুই দেশের সীমান্ত অঞ্চলের কাসাব চেকপয়েন্টের কাছে গত রবিবার বিমানটি নামানো হয় বলে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে তুর্কি সীমান্তে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের চাচাতো ভাই হিলাল আল আসাদ নিহত হয়েছেন। রবিবার তিনি নিহত হন বলে দেশটির রাষ্ট্রিয় টেলিভিশন প্রতিবেদন ও আন্দোলনকারীদের বরাতে জানা যায়। এছাড়া ঐদিনই লেবাননের রাজধানী বৈরুতে প্রেসিডেন্ট আসাদ ও বিরোধী সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এক নির্বাচনী সমাবেশে দাবি করেন, আকাশসীমা লঙ্ঘন করায় তাঁদের বিমানবাহিনী একটি সিরীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। তবে এ ঘটনাকে নগ্ন আগ্রাসন বলে অভিহিত করেছে সিরিয়া। দামেস্কের দাবি, সীমান্ত অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত বিমানটি সিরিয়ার আকাশসীমার ভেতরেই ছিল। বিমানটি ভূপাতিত হয়ে সিরিয়ার অংশে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিমানটির পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়েছে। ২০১১ সালের অক্টোবর থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে বিদ্রোহীদের পক্ষ নিয়েছে তুরস্ক।
অন্যদিকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের তুর্কি সীমান্তে ইসলামপন্থি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠি আল নুসরা ফ্রন্ট ও অন্যান্য ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে লড়াইয়ে হিলাল নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অবজারভেটরি জানিয়েছে, লড়াইয়ে হিলালের সঙ্গে তার বাহিনীর আরো সাতজন সদস্য নিহত হয়েছেন। তিনি উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার বেসামরিক জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন।
