পৃথক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২২
বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বগুড়ায় যুবদলের ২ কর্মী নিহত বগুড়ার কাহালুতে গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক ভুট্ট (৪০) ও একই ইউনিয়নের প্রিন্স মাহমুদ (৩৮) নামে জাতীয়তাবাদী যুবদলের দুই কর্মী মারা গেছেন। নিহতরা থালতামাঝগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের যুবদল কর্মী। ভুট্ট ও প্রিন্স মোটর সাইকেলযোগে নন্দীগ্রাম থানার পারশুন গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে বিশাপুকুর এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রিন্স মারা যান। পরে রাতে ভুট্ট একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ভালুকায় নিহত ১ আহত ২ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় গত রবিবার বিকালে ময়মনসিংহগামী সিএনজি অটোরিকশা ও টেম্পুর সংঘর্ষে উজ্জল (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আরো দুইজন আহত হন। বেলাবতে যুবক নিহত বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় গত রবিবার সকালে মাইক্রোবাসের চাপায় হানিফ (৩২) নামে এক হোন্ডা আরোহী নিহত হয়েছেন। তিনি হোন্ডা চালিয়ে ভৈরবে যাবার পথে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত হানিফ উপজেলার ওয়ারী গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।