ত্রিশালে নির্বাচনী মতবিনিময় সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচনের আচরণ বিধি ও আইন-শৃংখলা রক্ষায় ত্রিশাল থানার আয়োজনে প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা গত রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম (বার)এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন, শিক্ষানবিশ এএসপি তানজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আসলাম, নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম, আব্দুল্লাহিল বাকী নোমান, ওবায়দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুত্ফুন্নেছা বিউটি, মাহমুদা খানম রুমা,কামরুন্নাহার খুকী, শাহজাদী সেলিমা সুলতানা লাকী,আইরিন কবীর প্রমুখ।
পুঠিয়ায় প্রিজাইডিং অফিসারের জরিমানা
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে নির্বাচনে কর্তব্য লংঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম তাকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারা ভোগের নির্দেশ প্রদান করেন। শাস্তি প্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম মুনছুর রহমান। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ তথ্য নিশ্চিত করে বলেন, ঐ সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই দুপুরে ৩০ মিনিট কেন্দ্রের বাইরে অবস্থান করেন। যা নির্বাচনী আইনে কর্তব্য লংঘনের অভিযোগ। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহীর পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলামের নিকট অভিযোগ হলে তিনি উক্ত রায় প্রদান করেন।
কলাপাড়ায় মহিলা দলের সভাপতি বহিষ্কার
কলাপাড়া (পটুয়াখালী ) সংবাদদাতা \ দলীয় নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার মহিলা দলের সভাপতিকে বহিষ্কার করেছে কলাপাড়া পৌর বিএনপি। জাতীয়তাবাদী দল পৌর বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় প্রার্থীর নার্গিস আক্তারের বিরুদ্ধে পৌর বিএনপির সভাপতি রাশিদা বেগম উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতিকে সোমবার বহিষ্কার করা হয়েছে। আগামী ৩১ মার্চ কলাপাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বানারীপাড়ায় ছাত্রলীগ নেতা আহত
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাসদ সম্পাদক আনিসুর রহমান এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে। গতকাল রবিবার বিকেল সোয়া ৪টায় সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে জমি সংক্রান্ত ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে জাসদ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান ছাত্রলীগ নেতা দুলাল তালুকদারকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ওই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে পুলিশ।
আড়াই হাজারে সকল প্রার্থী এক মঞ্চে
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ সুশানের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আড়াইহাজার উপজেলা নির্বাচনে অংশ নেয়া সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী প্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এক মঞ্চে উঠে হাতে হাত রেখে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন। রবিবার বিকালে পৌরসভায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন, সজুনের ঢাকা বিভাগের আঞ্চলিক শাখার সমন্বয়ক মুর্শিকুল ইসলাম শিমুল। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া, হাজী শরিফুল ইসলাম, গাজী এম এ মাসুদ, হাজী সাদেকুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, মুজাহেদুর রহমান হেলো, ইলিয়াছ মোল্লা, আবু কালাম ভুঁইয়া। নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পারভিন আক্তার, জোসনা খাতুন ও এডভোকেট পারভিন আক্তার কবিতা প্রমুখ।
কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় অলি ও গয়েশ্বর
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার চান্দিনায় ১৯ দলের প্রার্থীর প্রচারণায় বিএনপি ও এলডিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গতকাল সোমবার চান্দিনা পৌর এলাকার মোকামবাড়ি, উপজেলার বাড়েরা, মহিচাইল, মাধাইয়া ও চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৃথক জনসভা ও পথসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমেদ বীর বিক্রম, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি-এলডিপির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা এলডিপি দলীয় চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মো. আবু তাহের (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শরীফুজ্জান শরীফ (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস আক্তারকে (হাঁস) ১৯ দল সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
রূপগঞ্জে প্রার্থীদের গণসংযোগ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গতকাল সোমবার সকাল থেকেই গণসংযোগ করেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া ইছাপুরা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ তারাবো, বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান আকন্দ তারাবো, আলহাজ্ব গোলাম ফারুক খোকন ভোলাবো, ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার কায়েতপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় প্রার্থীদের সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে ভাইস চেয়ারম্যানের জামিন না মঞ্জুর
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শিবগঞ্জ উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিঞা সোমবার চাঁপাইনবাবগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত ৮টি মামলার মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চল আদালত ১টি মামলায় জামিন মঞ্জুর ও ৫টি মামলায় জামিন না মঞ্জুর করেন। অন্য একটি মামলায় জেলা জজ আদালত জামিন মঞ্জুর করেন বলেও জানান এ্যাডঃ সোলাইমান বিশু।
পটুয়াখালীতে পুনঃনির্বাচন দাবি
পটুয়াখালী প্রতিনিধি \ চতুর্থ দফায় পটুয়াখালী সদর উপজেলায় গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী বিএনপি সমর্থিত মো. শাহাদাত্ হোসেন মৃধা (কাপ-পিরিচ) নির্বাচনী এলাকার ৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ঐসকল কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। ভোট কেন্দ্র দখল, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ব্যালটে আনারস মার্কায় সিল মেরে বাক্স ভর্তি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলে তিনি ঐসকল কেন্দ্রের ভোট বাতিল করে পুনঃভোট গ্রহণের জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত দাবি জানিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নজরুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তাত্ক্ষণিক খোঁজ-খবর নিয়ে এর মধ্যে আটটি কেন্দ্রে অনিয়ম হওয়ার কারণে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।
বেড়ায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
বেড়া (পাবনা) সংবাদদাতা\ বেড়া উপজেলা নির্বাচনে সরকারি দল ও তাদের মদদপুষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় সন্ত্রাস, নৈরাজ্য, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির আশঙ্কায় রবিবার আলহাজ্ব ফজলুর রহমার ফকির সাহেবের চাতাল অফিসে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান মোল্লা, আব্দুল মালেক, জেলা বিএনপির সদস্য আ স ম আব্দুর রব কচি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান, সেক্রেটারী আব্দুস সামাদ লাল এবং ফজলুর রহমার ফকিরের বড় ছেলে মোহাম্মদ আলী ফকির। বক্তব্যে তার কয়েকটি নির্বাচনী অফিসে কর্মীদের উপর হামলা ও পুলিশী হয়রানির অভিযোগ করেন।
