বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
হবিগঞ্জে নিহত ৩
হবিগঞ্জে পৃৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। বানিয়াচঙ্গের কালানজুরা গ্রাম থেকে মোটর সাইকেলযোগে নবীগঞ্জের দমারগাঁও যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে বাসের নিচে পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী হাফেজ আবিদুল হক লিখন (২৫) ও মো. রঙ্গু মিয়া (৩২) মারা গেছেন। শায়েস্তাগঞ্জে গত সোমবার দুপুরে ট্রাক চাপায় জারিফ মিয়া (৯) নামে শিশু মারা গেছে।
সাঁথিয়ায় নিহত ২ আহত ৫
পাবনার সাঁথিয়া উপজেলার মহিষাকোলায় গরুবাহী নছিমন খাদে পড়ে ড্রাইভারসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন, বরাট গ্রামের উজ্জ্বল হোসেন (৪৪) ও কাবারি কোলা গ্রামের নছিমন ড্রাইভার হক আলী (২৮)।
রাজবাড়ীতে নিহত দুই
রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা কালিবাড়ী এলাকায় গত সোমবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় দুইজন ইজিবাইক আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন, গোপালপুর গ্রামের দিনে মন্ডল (৪৫), সহিমদ্দিন শেখ (৩৫)। আহত মঈনদ্দিন শেখকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালুখালী থানায় মামলা হয়েছে।
বাঁশখালীতে নিহত ১ আহত ২
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বদর দরগা এলাকায় গত সোমবার সকালে বাস চাপায় মো. ওমর (১৮) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীতে বৃদ্ধের মৃত্যু
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গত সোমবার দুপুরে আজু হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
