বিসিএস নির্বাচন ২০১৪-১৫

বিবিঅ্যান্ডবি প্যানেলের প্রার্থী পরিচিতি অনুষ্ঠিত

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:২২
কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রত্যেক সদস্যের আগামী দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে ২০১৪-১৫ মেয়াদের নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করেছে বেটার বিজনেস অ্যান্ড বিসিএস (বিবিঅ্যান্ডবি) প্যানেল। এই প্যানেলের সদস্যরা হলেন—এএইচএম মাহফুজুল আরিফ (কম্পিউটার সোর্স), মুজিবুর রহমান স্বপন (হাইটেক প্রফেশনালস), এটি শফিক উদ্দীন আহমেদ (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন), ইউসুফ আলী শামীম (কম্পিউটার পয়েন্ট), নজরুল ইসলাম মিলন (পিসি মার্ট), কাজী শামসুদ্দীন আহমেদ লাভলু (এবিসি কম্পিউটার কর্নার) ও আলী আশফাক (আরএম সিস্টেমস লিমিটেড)। বিবিঅ্যান্ডবি প্যানেল সদস্যরা মনে করেন, সুপরিকল্পিত রূপরেখা ও পরিকল্পনা বাস্তবায়ন এককভাবে করা সম্ভব নয়। সে কারণেই তারা ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করবেন বিসিএস-এর সার্বিক উন্নয়নে। গতকাল ধানমন্ডিতে গণমাধ্যম কর্মীদের সামনে এই ইশতেহার উপস্থাপন করেন বিবিঅ্যান্ডবি প্যানেলের প্রার্থী কম্পিউটার সোর্সের পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে বিসিএস-এর জন্য টার্নিং পয়েন্ট উল্লেখ করে মাহফুজুল আরিফ বলেন, ‘আমরা প্রকৃত চাহিদা সৃষ্টি ও সুষম ব্যবসায় পরিবেশ নিশ্চিত করে সংগঠনের প্রত্যেক সদস্যের মুনাফা সমস্যার যথার্থ সমাধানে উন্নত কৌশল গ্রহণের মাধ্যমে অবিচ্ছেদ্য বন্ধন অটুট রাখতে চাই। আর তাই আমাদের সাত দফার প্রথমটিতে বিসিএস-কে প্রকৃত অর্থে ইন্টার্যাক্টিভ সংগঠন হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ করার প্রতিশ্রুতি রয়েছে।’ বিবিঅ্যান্ডবি’র ইশতেহারে রয়েছে নতুন বাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজারে বিসিএস সদস্যদের ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ এবং বিজনেস কাউন্সিলিং, পলিসি অ্যাডভোকেসি ও কর্পোরেট স্যোশাল রেসপন্সিবিলিটি বিষয়ে আলাদা আলাদা দফা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যেই বিবিঅ্যান্ডবি ওয়েবসাইট খুলে তাদের ইশতেহার ও প্রার্থী পরিচিতি প্রকাশ করেছে। সেইসাথে অনলাইনে www.betterbusinessandbcs.net ঠিকানা থেকে সদস্যসহ সকলের প্রশ্নের জবাবের জন্য একটি ইমেইল দেওয়া হয়েছে। এর মাধ্যমে মতামত প্রকাশে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ছাড়াও এই প্যানেল নির্বাচিত হলে সাধারণ নির্বাচন ছাড়াও সংগঠনের মৌলিক সিদ্ধান্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীদের পারামর্শ নেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্যানেলের সদস্যরা।