মাওয়া-কাওড়াকান্দি রুটে দুই স্পিড বোটের সংঘর্ষ, নিখোঁজ দুই

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২২:২১
সোমবার রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দু’টি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিখোঁজ এবং ইউপি চেয়ারম্যান ও পুলিশসহ কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। আহত যাত্রীদের সাথে আলাপ করে জানা যায়, কাওড়াকান্দি থেকে ১৯ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। অপর স্পিড বোটটি ১৩ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা সোয় ৭ টার দিকে নৌরুটের মাঝি কান্দি চ্যানেলে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ ঘটলে যাত্রীরা পদ্মায় পড়ে যায়। সাঁতার কেটে যাত্রীরা কাছের একটি চরে আশ্রয় নেয়। পরে পাশ দিয়ে যাওয়া মাওয়াগামী একটি বালুবাহী ট্রলার তাদের উদ্ধার করে মাওয়ায় নিয়ে আসে। তবে এ ঘটনার পর থেকে সাইদুজ্জামান সাহেদ (৩৫) এবং মনিরুল ইসলাম (৫৫) নামে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। আহতদের মধ্যে রয়েছেন ভাঙার হামিদদি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৪৫) ও বরিশাল পুলিশ লাইনের তারেক (৩৩)। লৌহজং থানার ওসি জানিয়েছেন, কোন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে থানায় কেউ অভিযোগ করেনি। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, কেউ নিখোঁজ রয়েছেন কিনা নিশ্চিত করতে না পারলেও মঙ্গলবার সাহেদ নামে এক যাত্রীর স্বজনরা তার খোঁজ করছিলেন বলে জানান।