টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের মনোনয়নপত্রের বৈধতা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার বিকালে শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন যৌথ বেঞ্চ এ রায় দেন। এর ফলে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য ওই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না কাদের সিদ্দিকী।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার ঋণ খেলাপির দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হলে শুনানি শেষে নির্বাচন কমিশনও তার প্রার্থিতা বাতিল করে রিটার্নিং অফিসারের রায় বহাল রাখেন। পরে প্রার্থিতা ফিরে পেতে গত ২৩ মার্চ কাদের সিদ্দিকী হাইকোর্টে রিট করলে দুই দিন শুনানি শেষে মঙ্গলবার রিট খারিজের আদেশ দেন হাইকোর্ট। কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী এ খবর নিশ্চিত করেছেন।
দলের টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, পরাজয়ের ভয়ে কাদের সিদ্দিকীকে ষড়যন্ত্র করে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
