আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার চেলসির কাছে গত শনিবারের ৬-০ গোলের শোচনীয় হারটিকে দক্ষ চালকের দুর্ঘটনার কবলে পড়ার সাথে তুলনা করেছেন। ক্লাবটির হয়ে নিজের এক হাজারতম ম্যাচের মাইলফলক গড়ার দিনে এ লজ্জাজনক হারটির মুখোমুখি হতে হয় ফরাসি এই কোচকে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র এবং উত্তর লন্ডনের দুই দলের লড়াইয়ে টটেনহাম হটস্পারকে ১-০ গোলে হারানোর পর আর্সেনালের এমন ফলাফলকে নিছক দুর্ঘটনা বলেই মত দেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল মঙ্গলবার রাতে সোয়ানসি সিটির মোকাবেলার আগে ওয়েঙ্গার স্টামফোর্ড ব্রিজের খেলাটি নিয়ে কথা বলছিলেন। তিনি অবশ্য হারটির জন্য দলের খেলোয়াড়দের দোষারোপ করতে রাজি হননি। গানার্স কোচ বরং সোয়ানসির বিরুদ্ধে নিজেদের মাঠে ভাল ফলের মধ্য দিয়ে আগের পরিস্থিতি থেকে তার দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওয়েঙ্গার বলেন,‘একটা দুর্ঘটনা ঘটে গেছে। এর মানে এই নয় যে আপনি ভাল ড্রাইভার নন। এটা স্রেফ বোঝায় যে চলতি মৌসুমে আমরা ৪০টি ম্যাচ খেলেছি এবং শনিবার যা ঘটেছে তা এই দলটির মূল বৈশিষ্ট্য নয়।’
তিনি আরো বলেন,‘ভাল মানের কারণে আমরা ৬২ পয়েন্ট অর্জন করেছি এবং এজন্য আমরা আবারো সেখানেই দৃষ্টি রাখতে চাই। আগের মানটা ফিরে পাওয়ার জন্য।’
আর্সেনালকে অবশ্য চলতি মৌসমে এর আগেও বড় দুটি হারের মুখে পড়তে হয়েছে। লিভারপুলের বিরুদ্ধে ১-৫ ও ম্যানচেস্টার সিটির কাছে ৩-৬ ব্যবধানে হেরেছিল তারা।
গানার্সরা কাল রাতের খেলাটির আগে ৩০ খেলায় ৬২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ছিল। সোয়ানসির মাঠে গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত খেলায় অবশ্য ওয়েঙ্গারের দল ২-১ গোলে হারিয়েছিল।
