ভারতের সঙ্গে সিরিজ নিয়ে আশাবাদী শেঠি

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:১৭
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শেষেই গ্রীষ্মে ভারত-পাকিস্তান সংক্ষিপ্ত একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। সাংবাদিকদের শেঠি জানান, ‘ভারত এখন আইপিএলের প্রথম পর্যায়ের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছে এটা আমাদের জন্য শুভ লক্ষণ। কেননা ভারতীয় দল যদি পাকিস্তান সফরে না আসতে চায় তাহলে আমরাও এখানে তাদের বিপক্ষে খেলতে পারি।’ শেঠি কেবলমাত্র চলমান টি-২০ বিশ্বকাপ দেখার জন্য নয় বরং ভারতসহ অন্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় অবস্থান করছেন। টি-২০ বিশ্বকাপের পর এ বছর অক্টোবর পর্যন্ত পাকিস্তানের কোন আন্তর্জাতিক সূচি নেই এবং শেঠি বলেন এ সময়ের মধ্যে ভারতের বিপক্ষে তারা একটি সিরিজ খেলতে সক্ষম। ২০০৯ সালের পর থেকে কোন দল পাকিস্তান সফরে না আসায় পিসিবি প্রতি বছর ১০ মিলিয়ন ডলার ক্ষতির সমুখীন হচ্ছে এবং এ কারণে তারা খুবই অর্থ কষ্টে আছে বলেও জানান শেঠি। শেঠি আরো বলেন, ‘এমনকি সংযুক্ত আরব আমিরাতে হলেও খুব শিগগিরই সুপার লীগ টি-২০ আয়োজনের জন্য আমরা কাজ করছি। কারণ একমাত্র এর মাধ্যমেই আমরা আমাদের আর্থিক স্বচ্ছলতা কিছুটা ফিরিয়ে আনতে পারি। পিসিবি ২০১৩ সালেও পাকিস্তান সুপার লীগ আয়োজনের পরিকল্পনা করেছিল এবং কিছু বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তিও করেছিল। কিন্তু বোর্ডগুলো তাদের খেলোয়াড়দের পাকিস্তান আসতে না দেয়ায় পিসিবির সে পরিকল্পনা ভেস্তে যায়। শেঠি বলেন, ‘বর্তমান অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে আমরা সুপার লীগ আয়োজন করতে পারি এবং সেমিফাইনাল ও ফাইনাল লাহোরে আয়োজন করতে পারি।’