কলকাতা শহরে অনুষ্ঠানরত গ্র্যান্ড মাস্টার দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডের খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাত জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সোমবার অনুষ্ঠিত খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার অভিজিত্ কুন্তের সাথে ড্র করেন, জিয়া সাদা ঘুঁটি নিয়ে কুন্তের গুন্ডফিল্ড ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৪ চালে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব পাঁচ পয়েন্ট নিয়ে ১০ জনের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। রাকিব এ রাউন্ডে ভারতের সুন্দরারাজন কিদাম্ভিকে হারিয়েছেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চার পয়েন্ট, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দুই পয়েন্ট এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ দেড় পয়েন্ট পেয়েছেন। অষ্টম রাউন্ডের খেলায় রাজীব ভারতের পৌরনিক অভিমানুর সাথে ড্র করেন ও আমিন ভারতের অনিরুদ্ধ দেশপান্ডের কাছে হেরে যান। নাসির বাই পান।
