সাম্প্রতিক সময়গুলোতে যেন ছোট-বড় প্রযুক্তি কোম্পানি কিনে নেওয়ায় গুগল বা ইয়াহুকেও পেছনে ফেলার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কেনার পর এবারে তাদের কেনাকাটার মিছিলে যুক্ত হতে যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটি স্টার্ট-আপ। ভিডিও গেমের জন্য অকুলাস রিফট নামের যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটটি তৈরির ঘোষণা দিয়ে প্রযুক্তি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে অকুলাস ভিআর, তাকেই এবারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। ক্যালিফোর্নিয়ার এই নবীন কোম্পানিকে কিনে নিতে ফেসবুককে খরচ করতে হবে ২০০ কোটি বা ২ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৪০০ মিলিয়ন প্রদান করা হবে নগদ অর্থে এবং বাকিটা ফেসবুকের ২৩.১ মিলিয়ন শেয়ারের মাধ্যমে। মূলত ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারের মাধ্যমেই অকুলাস ভিআর তাদের অকুলাস রিফটের জন্য মূলধন সংগ্রহ করে। এর মধ্যে ভার্চুয়াল রিয়েলিটির এই হেডসেটের জন্য প্রিঅর্ডারও জমা পড়েছে ৭৫ হাজারের বেশি। ভিডিও গেমিংয়ের জন্য তৈরি এই প্রযুক্তিকে সামাজিক যোগাযোগ, মিডিয়া, বিনোদন, শিক্ষা এবং অন্যান্য আরও ক্ষেত্রে ব্যবহারের পরিকল্পনা মাথায় নিয়েই একে কিনতে যাচ্ছে ফেসুবক, এমনটিই জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি কেনার বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফেসবুক প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গও। এ প্রসঙ্গে এক পোস্টে তিনি বলেন, ‘ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ‘অকুলাস ভিআর’কে কিনে নেওয়ার জন্য আমরা একমত হতে পেরেছি। এই খবরটি সবাইকে জানাতে পেরে আমি অত্যন্ত উত্তেজিত বোধ করছি।’ তিনি বলেন, ‘ভার্চুয়াল রিয়েলিটি মূলত এমন একটি প্রযুক্তি যেটিকে কল্পবিজ্ঞানের অনুষঙ্গ হিসেবেই মনে করা হয়। কিন্তু এটাও সত্য যে একটা সময়ে ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোনও ছিল কল্পনার বিষয়। পৃথিবী বদলে যাচ্ছে এবং ভবিষ্যত পৃথিবী গড়তে আমাদের সকলকেই একত্রে কাজ করতে হবে। আর সেটা করতেই অকুলাস নিয়ে কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি।’ জুকারবার্গ জানান, অকুলাস রিফট মূলত ভিডিও গেমিংকে মাথায় নিয়ে তৈরি করা হলেও এর সম্ভাবনা নানামুখী। আর সেগুলোকেই কাজে লাগিয়ে এক প্রাযুক্তির বিপ্লব ঘটাতে চায় ফেসবুক। অকুলাস ভিআর এখনও পর্যন্ত বাজারে অকুলাস রিফট নিয়ে না আসলেও এ বছরের শুরুতেই অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতেও (সিইএস) তারা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট প্রদর্শন করেছে, যা চমকিত করেছে সবাইকেই।
