নারায়ণগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকালের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় দ্রুতগামী একটি গাড়ি শাহিনা আক্তার নামে এক গৃহবধূকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নরসিংদী: গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভাঙা মিল নামক স্থানে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন বাগহাটা এলাকার ফজলুল হকের ছেলে আমির হোসেন ও মধুমতি বেকারির সেলস ম্যান শিবপুর এলাকার অনাবিল।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে চালক রাজীব শেখ (৩৫) নিহত হয়েছেন। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গতকাল দুপুরে রহনপুর পৌর এলাকার কলোনি মোড় ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মামুনের মৃত্যু হয়েছে।
