মোহামেডান আবাহনী ম্যাচ আজ

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৬
টি-টোয়েন্টি ক্রিকেটের ডামাঢোলে অনেকটা চুপিসারে এগিয়ে চলা মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের সবচাইতে বড় খেলায় মোহামেডান ও আবাহনী আজ মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিটিভি ওয়ার্ল্ড খেলা সমপ্রচার করবে। দেশের খ্যাতনামা দুই দল টুর্নামেন্টটির দুই নম্বর গ্রুপে খেলছে এবং এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। আজ গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। ড্র হলে মোহামেডান গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আবাহনীকে জিততে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল তিন নম্বর গ্রুপের মুক্তিযোদ্ধা অথবা শেখ জামালের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। আবাহনীর কাছে সর্বশেষ দুটি খেলাতেই হেরেছে মোহামেডান। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে আবাহনী এগিয়ে থাকছে দুই জয় নিয়ে। মোহামেডান এদিন হেরে গেলে ‘হ্যাটট্রিক’ হার হবে তাদের। মোহামেডান তাই তৃতীয় হার মেনে নিতে নারাজ। মোহামেডান দলপতি জাহিদ হাসান এমিলি ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কিন্তু মোহামেডান আগের ম্যাচে আরামবাগের বিরুদ্ধে যে খেলাটা খেলেছে সেজন্য হতাশা আছে মোহামেডান অধিনায়কের। তবে এটাও তিনি মনে করেন আরামবাগের ম্যাচের মতো খেললে দর্শক মানবে না। এমিলি বলেন, ‘আরামবাগের ম্যাচের চেয়েও অনেক বেশি ভালো খেলতে হবে। না হলে ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। দর্শক জানে আমরা দুইবার আবাহনীর কাছে হেরেছি।’ এমিলির হিসাব নিয়ে বসে নেই আবাহনী। তাদের জানা আছে কিভাবে মোহামেডানকে হারাতে হয়। অধিনায়ক সুজন সংবাদ মাধ্যমকে বলেছেন,‘জয়ের ধারাটা কিভাবে রাখতে হয় সেটা আমরা দেখাতে পারবো আজ।’ আবাহনীর সুজন, মিশু, সামাদ, ইব্রাহিমরা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দলের ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু। আরামবাগের বিরুদ্ধে ৪-১ গোলে ম্যাচ জেতায় গোল গড়ে এগিয়ে রয়েছে মোহামেডান।