প্রথম কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৬
বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন স্বাধীনতা দিবস মধুমতি ব্যাংক ফুটবলে আগামি রবিবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। এরপর সোমবার দ্বিতীয়টিতে খেলবে শেখ রাসেল ও সকার ক্লাব। গতকাল এই চার দল শেষ আট নিশ্চিত করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিজেএমসি ৩-২ গোলে ফেনী সকারকে হারিয়ে এক নম্বর গ্রুপে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় শেখ রাসেল ও ব্রাদার্স গোল শূন্য ড্র করে। ফলে শেখ রাসেল চার নম্বর গ্রুপ চ্যাম্পিন এবং রানার্সআপ হয় ব্রাদার্স। ফেনীর সকার ক্লাব ২৭ মিনিটে আলী হাসান এবং ২৯ মিনিটে গাম্বিয়ান ফুটবলার কাবাজোবের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও বিজেএমসির কাছে হেরেছে। সকার ক্লাব জয় পেলে এক নম্বর গ্রুপে থাকা এক পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পেতো গোল গড়ের সুবাদে। কিন্তু তা হয়নি। সকার ক্লাবের ফরোয়ার্ডরা দুই বার বিজেএমসির গোলকিপার করিমকে একা পেয়েও বেশি ড্রিবলিং করতে গিয়ে গোল পায়নি। ব্যর্থ হন গাম্বিয়ান ফুটবলার ল্যান্ডিং ডাবো এবং কাবাজোবে। এরই মধ্যে ৩২ মিনিটে বিজেএমসির গিনির ফুটবলার ইসমাইল বাঙ্গুরা পেনাল্টি পেয়ে ব্যবধান কমালেন ১-২। বিজেএমসির আক্রমন ঠেকাতে সকার ক্লাব রক্ষণাত্নক হলে বাঙ্গুরাও নিজের দ্বিতীয় গোলে সমতা ফেরান (২-২)। এরপর ৭৫ মিনিটে বিজেএমসির আব্দুল্লাহ পারভেজের বা পায়ের ফ্রিকিকে বল গেলো সকার ক্লাবের জালে (৩-২)। বিজেএমসি ও সকার ক্লাব, দুই দলই কোয়ার্টার ফাইনালের টিকিট পেলো। আজকের খেলা ঃ মুক্তিযোদ্ধা ও শেখ জামাল এবং মোহামেডান ও আবাহনী, ৪টা ও ৬টা।