দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েন পার্নেলকে ভারতের মুম্বাইয়ের একটি আদালতে বাধ্যতামূলক হাজিরা দিতে যাওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না। টিম ম্যানেজমেন্ট এ কথা জানিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১২ আসরে গভীর রাতে একটি পার্টিতে যোগ দিয়ে মাদকের ব্যবহারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা আছে। সে সময় তিনি পুনে ওয়ারিয়র্সের খেলেছিলেন। পার্নেল অবশ্য আনীত অভিযোগ অস্বীকার করেছেন। যদিও মুম্বাইর শীর্ষ স্থানীয় একটি হোটেলে গভীর রাতের ঐ পার্টিতে অভিযান চালিয়ে পুলিশ পার্নেলসহ ১০০ ব্যক্তিকে গ্রেফতারের পর তাদের মাদকাসক্ত পরীক্ষা করে। এছাড়াও গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক উদ্ধার করে।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ২৪ বছর বয়সী পার্নেলের হাজিরা দেয়ার সিদ্ধান্তটি বিশ্বকাপের আগেই নেয়া হয়েছিল। তিনি আরো জানান, পার্নেল আগামীকাল শুক্রবার সকালে এসে দলের সাথে যোগ দেবেন।-বাসস
