সংবাদ সম্মেলনে মেয়র

বিসিসিতে নতুন করারোপ হচ্ছে না

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:১৬

বরিশাল অফিস

বরিশাল নগরীতে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কোন করারোপ হচ্ছে না। এ বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। গতকাল বুধবার দুপুরে নগর ভবন সভাকক্ষে মেয়র সাংবাদিকদের জানান, সাবেক মেয়র আহসান হাবিব কামালের আমলে ২০১৬ সালের জানুয়ারিতে ধার্যকৃত কর-ই আদায় করবে তার পরিষদ। তবে সে ক্ষেত্রে সাবেক মেয়র কর আদায়ে, যে দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন তা এখন আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। একইসঙ্গে ২০১৮ সালে গণপূর্ত অধিদপ্তর থেকে সাতটি বিভাগীয় শহরে কর আদায়ে যে অর্থ ধার্য্য করা হয়েছিলো তা বরিশাল নগরবাসীর জন্য অধিক বলে মন্তব্য করে গণপূর্ত অধিদপ্তরে চিঠি দেবেন বলেও জানান মেয়র। বরিশাল সিটি করপোরেশনের ৫২ হাজার হোল্ডিংয়ে (বসতি) বছরে ট্যাক্স আদায় হয় ৯ কোটি টাকা। কিন্তু ২০১৬ সালের বাড়ি ভাড়া অনুযায়ী ট্যাক্স আদায় করতে পারলে বছরে ৮০ থেকে ৯০ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স আদায় করা সম্ভব বলে জানান সিটি করপোরেশন সচিব ও রাজস্ব কর্মকর্তা মো. ইসরাইল হোসেন।