ক্লাউড সেবার বাজারে প্রবেশ করছে সিসকো

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪১
নেটওয়ার্কিং পণ্যের বাজারে বিশ্বব্যাপী নির্ভরতার প্রতীক হিসেবেই শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে সিসকো। দীর্ঘদিন ধরেই সুনামের সাথে ব্যবসা করে আসছে এই সিসকো। তবে আধুনিক প্রযুক্তির সময়ের সাথে তালমিলিয়ে এবারে ক্লাউড সেবার বাজারে প্রবেশ করতে যাচ্ছে তারা। আর তার জন্য ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করবে এই নেটওয়ার্কিং কোম্পানি। ওয়ালস্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, ক্যালিফোর্নিয়ার এই প্রতিষ্ঠানটি দুই বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। মূলত বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো একে একে কম্পিউটার সিস্টেমের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং ক্লাউড সার্ভিসের দিকে ঝুঁকে পড়ায় সিসকোকেও একই পথ বেছে নিতে হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী সিসকো তাদের ক্লাউড সার্ভিসের নাম দিয়েছে ‘সিসকো ক্লাউড সার্ভিস’। এর জন্য বরাদ্দ রাখা ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ তারা মূলত শুরু করবে ডাটা সেন্টারগুলো তৈরির জন্য। এই ক্লাউড সেবার মাধ্যমে সিসকো তাদের এন্টারপ্রাইজ পর্যায়ের গ্রাহকদের জন্য আরও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সক্ষম হবে বলে জানিয়েছে। বিশেষ করে এন্টারপ্রাইজ পর্যায়ের গ্রাহকদের মধ্যে যাদের মোবাইল ডিভাইস ব্যবহারের প্রবণতা বেশি, তারা এটি থেকে আরও গতিশীল এবং সুরক্ষিত সেবা পাবে। এ বিষয়ে সিসকোর ডেভেলপমেন্ট এবং সেলস বিভাগের প্রেসিডেন্ট রব লয়েড এক প্রকাশনায় বলেন, ‘বর্তমানে বিভিন্ন কোম্পানি তাদের আইটি-সংশ্লিষ্ট কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের বিকল্প পদ্ধতি বেছে নিতে চায়। আর এসব বিকল্পের মধ্যে ক্লাউড হতে পারে ব্যায়সাশ্রয়ী এবং অনেক বেশি সহজে ব্যবহারযোগ্য। আর সেকারণে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা ক্লাউডে প্রবেশ করতে যাচ্ছি।’ সিসকো অবশ্য শুরুতে সরাসরি গ্রাহক পর্যায়ে ক্লাউড সেবা প্রদান করবে না। বরং শুরুতে তারা বিটুবি সেবার দিকেই মনোযোগী হবে। এর জন্য বিশ্বের অন্যান্য দেশে ক্লাউড সেবা প্রদান করা কিছু প্রতিষ্ঠানের সাথেও যৌথভাবে কাজ করতে পারে তারা। মাইক্রোসফট, ভিএমওয়্যারের মতো প্রতিষ্ঠানের সাথেও তারা কাজ করবে বলে জানিয়েছে।